Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

Icon

তোজাম্মেল আযম, মেহেরপুর

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাল্যবিয়েমুক্ত জেলা হিসাবে পরিচিত মেহেরপুরে বাল্যবিয়ের শিকার অনেক নারীর জীবন এখন অনিশ্চয়তায়। কৈশোরে সংসার শুরু করে অনেকেই স্বামীর অবহেলা, মাদকাসক্তি, অনলাইন জুয়া, যৌতুকের নির্যাতন ও পরকীয়ার অভিযোগে সংসার হারিয়েছেন। কারও কোলে ছোট সন্তান, কারও সন্তান স্কুলে পড়ে। কেউ আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে, কেউ আবার শেষবারের মতো সংসার টিকিয়ে রাখার আশায় ঘুরছেন সামাজিক সংগঠনের দ্বারে দ্বারে। বাল্যবিয়ের শিকার এসব নারীর অনেকেরই বিয়ের নিবন্ধন নেই। ফলে বিচ্ছেদের পর ভরণপোষণ ও সন্তানের অধিকার আদায়েও তৈরি হচ্ছে জটিলতা। জেলা রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মেহেরপুরে ২ হাজার ২৬টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে ২ হাজার ১০টি। ২০২৫ সালে বিয়ে হয়েছে ২ হাজার ৫১৩টি, বিপরীতে তালাক হয়েছে ২ হাজার ১৬০টি। অর্থাৎ বিয়ের পাশাপাশি বাড়ছে বিচ্ছেদের সংখ্যাও। ২০২৫ সালের হিসাবে জেলায় গড়ে প্রতি পাঁচ ঘণ্টায় একটি তালাকের ঘটনা ঘটেছে। মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের দিনমজুর সাহার আলীর মেয়ে জলি খাতুনের বিয়ে হয়েছিল অষ্টম শ্রেণিতে পড়ার সময়। স্বামী রাজু হোসেনের সঙ্গে সংসারে জন্ম নেয় মেয়ে আরিশা। বর্তমানে তার বয়স তিন বছর। জলির অভিযোগ, বিয়ের পর জানতে পারেন স্বামী মাদকাসক্ত। রাতভর অনলাইন ক্যাসিনো ও জুয়ায় মেতে থাকতেন তিনি। একপর্যায়ে যৌতুকের জন্য চাপ দিতে শুরু করেন। মেয়ের সুখের কথা ভেবে শ্রমজীবী বাবা ৪০ হাজার টাকা দেন। এমনকি বিয়েতে পাওয়া স্বর্ণের দুলও বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করেন স্বামী। কিন্তু তাতেও সংসার টেকেনি। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবারও জোটেনি জলির। এখন স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। বাল্যবিবাহের কারণে বিয়ের নিবন্ধনও হয়নি। একই গ্রামের জাকিয়া খাতুনের বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে। ভালোবেসে বিয়ে করে ১৬ বছরেই মা হন তিনি। দুটি সন্তান নিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। জাকিয়ার অভিযোগ, স্বামী ঢাকায় চাকরি করার সময় অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকে স্ত্রী-সন্তানের খোঁজখবর নেওয়া বন্ধ করে দিয়েছেন। জাকিয়া বলেন, শ্বশুর-শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো দেখলেও স্বামীর অবহেলায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়েছে। সদর উপজেলার আমদহ গ্রামের নিলুফা খাতুনের বিয়ে হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে। ১৫ বছরেই প্রথম সন্তানের মা হন। সন্তান কোলে নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নেন। বর্তমানে তার বড় ছেলের বয়স আট বছর, ছোট সন্তানের বয়স ১০ মাস। নিলুফার অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করতেন স্বামী। বিদেশ যাওয়ার জন্য টাকা দাবি করলে দরিদ্র বাবা একটি মোটাতাজা গরু দেন। স্বামী বিদেশ যাওয়ার পর শ্বশুর-শাশুড়ির নির্যাতন আরও বেড়ে যায়। একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এখন সরকারি সহায়তায় পাওয়া বাবার বাড়ির ঘরে মা-বাবার সঙ্গে থাকছেন তিনি। সদর উপজেলার পিরোজপুর গ্রামের জালিমন খাতুনের বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে। বিয়ের সময় স্বামীকে ব্যবসায়ী ও মুরগির খামারের মালিক বলা হলেও পরে জানতে পারেন তিনি মাদকাসক্ত। যৌতুক হিসাবে এক লাখ টাকা দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। ১৫ বছর বয়সে সন্তানের জন্ম দেন জালিমন। নির্যাতন সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়িতে ফিরে আসেন। থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগও দেন। সামাজিক সমঝোতায় তিনবার স্বামীর বাড়িতে ফিরলেও প্রতিবার নির্যাতন বেড়েছে বলে অভিযোগ তার। এবার বিচার চেয়ে অভিযোগ দিয়েছেন মানব উন্নয়নকেন্দ্রে। জলি, জাকিয়া, নিলুফা ও জালিমনের মতো আরও অনেক নারী সংসার টিকিয়ে রাখা এবং নিজেদের ও সন্তানদের অধিকার আদায়ের আশায় ওই সংগঠনের দ্বারস্থ হয়েছেন। বেসরকারি সামাজিক সংগঠন মানব উন্নয়নকেন্দ্রের পরিচালক মো. আশাদুজ্জামান সেলিম জানান, গত ১৫ বছরে পারিবারিক বিরোধ ও নির্যাতনসংক্রান্ত ১১ হাজার ৮২১টি অভিযোগ পেয়েছেন তারা। কাউন্সেলিংয়ের মাধ্যমে ৫ হাজার ৩৩৭টি পরিবারকে পুনরায় একসঙ্গে থাকার ব্যবস্থা করেছেন। ২ হাজার ৮৯৬ জন গৃহবধূর যৌতুক ও সন্তানের ভরণপোষণের অর্থ আদায় করা হয়েছে। ৩৭৫টি অভিযোগ আদালত ও লিগ্যাল এইডে পাঠানো হয়েছে। তবে সব সংসার সমঝোতার মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব নয়। নির্যাতনের শিকার নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও জরুরি। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল আমিন বলেন, পারিবারিক বিচ্ছেদের পেছনে অনলাইন জুয়া, মাদকাসক্তি, বিবাহবহির্ভূত সম্পর্ক, যৌতুক, পারস্পরিক বোঝাপড়ার অভাব ও বাল্যবিবাহের দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। অল্প বয়সে বিয়ের ফলে অনেক মেয়ের শিক্ষা বন্ধ হয়ে যায়। তারা অর্থনৈতিকভাবে স্বামীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে নির্যাতন ও অবহেলার শিকার হলেও অনেকের পক্ষে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। মেহেরপুর জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু তালাকের সংখ্যা দিয়ে সংকটের গভীরতা বোঝা সম্ভব নয়। বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, যৌতুক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিচ্ছেদের পর নারী ও শিশুদের সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

পিরোজপুরে ডেঙ্গু রোগী পাঁচ হাজার ছাড়াল

টাকা চুরির অপবাদ ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ

ছাগলনাইয়ায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয় লাশ

মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি

মধুমতির ভাঙনে কাশিয়ানীতে বিলীন হচ্ছে ফসলি জমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম