বৃদ্ধ মায়ের খাবার জোগাতে দৃষ্টি প্রতিবন্ধীর সংগ্রাম
মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বৃদ্ধ মায়ের অন্ন জোগাতে বিগত ৫০ বছর করছেন নিরলস সংগ্রাম। প্রতিদিন দুই কিলোমিটার পথ হেঁটে গিয়ে স’ মিলে চলে তার কঠোর পরিশ্রম। তপ্ত রোদে মিলের গাছের গুঁড়ির ছাল ছাড়িয়ে রোদে শুকিয়ে বিক্রিত অর্থ দিয়ে চলে মা-ছেলের সংসার। কঠোর পরিশ্রমের মাধ্যমে মাতৃসেবার অনন্য নজির গড়েছেন মুখলেস। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের একমাত্র ভরসা বৃদ্ধ মা রুলি বেগম। প্রতিদিন মায়ের হাতে তুলে দেওয়া খাবার ও প্রস্তুতির পর তিনি বেরিয়ে পড়েন স’ মিলের উদ্দেশ্যে। দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে গ্রামের পাকা সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে এসে চেয়ে থাকেন তার ঘরে ফেরার প্রতীক্ষায়। দীর্ঘ ৫০ বছর দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেস টলমল পায়ে এগিয়ে যান শহরের ব্যস্ত রাস্তা দিয়ে। পথের শত বাধা অতিক্রম করে স’ মিলে পৌঁছেই শুরু হয় তার কর্মতৎপরতা। স’ মিল মালিক আর সহযোগীদের সহযোগিতায় শুরু হয় গাছের ছাল ছড়ানোর কাজ। পিতৃহীন মুখলেসের ছয় বছর বয়স থেকেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চলছে গাছের ছাল ছাড়ানোর কাজ। ব্যস্ত পথ ধরে অনুমানে চললেও কয়েকবার হয়েছেন দুর্ঘটনার শিকার। স্থানীয়দের সহযোগিতায় সুস্থ হয়েই ফের ছুটে যান কর্মস্থলে। শত বাধা দমাতে পারেনি অদম্য জীবনযোদ্ধা মুখলেসকে। সামান্য রোজগার দিয়েই চলে মা-ছেলের সংসার। অসহায় বৃদ্ধ মায়ের জন্য দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তিনি করছেন কঠোর পরিশ্রম। তপ্ত দুপুরে হাড়ভাঙা খাটুনি দমাতে পারেনি মাতৃভক্ত মুখলেসকে।
৭০ বছরের বৃদ্ধ মা রুলি বেগম জানান, বয়সের ভারে তিনি এখন আর ভারী কোনো কাজ করতে পারেন না। অভাবের সংসারে মুখলেসই এখন তার একমাত্র অবলম্বন। মুখলেসের বয়স যখন মাত্র ছয় বছর তখন থেকেই সে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিন প্রায় দুই কিলোমিটার হেঁটে যায় কলেজ মোড়ের শালুর কাঠফাড়া মিলে (স’ মিল)। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় অন্য কোনো নতুন পথে সে চলতে পারে না, কখনো চেষ্টাও করেনি। কেবল অনুমান আর চেনা পথের স্মৃতির ওপর ভর করে প্রতিদিন সে পৌঁছে যায় তার গন্তব্যে।
স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা জানান, মুখলেস অন্য কোনো রাস্তা চেনেন না। ৫০ বছর ধরে তিনি এ একটি পথেই চলাফেরা করছেন। তারা অবাক হন, কীভাবে তিনি এতটা পথ একাই চলাচল করেন। দৃষ্টিহীন হয়েও থামেননি, ৫০ বছর ধরে মায়ের জন্য কঠিন পরিশ্রম করে চলেছেন মুখলেস। অন্ধত্বকে জয় করে ৫০ বছর ধরে মায়ের মুখে অন্ন জোগান মুখলেস। প্রতিদিন চেনা পথ ধরে কাঠকাটা মিলে গিয়ে তিনি গাছের ছাল ইট দিয়ে পিটিয়ে ও থেঁতলে আলাদা করার কাজ করেন। সারা দিনের কঠোর পরিশ্রম শেষে গাছের ছাড়ানো সে ছাল বস্তায় ভরে মাথায় করে আবার একই পথ ধরে বাড়ি ফিরে আসেন। পরে বৃদ্ধ মা রুলি বেগম সেগুলো রোদে শুকিয়ে বাজারে বিক্রি করেন। এই শুকনো গাছের ছাল বিক্রির টাকাতেই চলে তাদের দুবেলার খাবারের ব্যবস্থা। এ দৃষ্টিপ্রতিবন্ধীর নিরলস পরিশ্রমে মুগ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন স’ মিলের স্বত্বাধিকারী হাসানুজ্জামান শিলু। সে কারণে ছাড়ানো এ ছালের জন্য তিনি কোনো অর্থ নেন না। শিলু জানান, মুখলেস অনেক কষ্ট করে এখান থেকে ছাল সংগ্রহ করেন। আমিও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করি। এ কাঠ বিক্রি করেই মা-ছেলের সংসার চলে। অন্ধ এবং প্রতিবন্ধী হয়েও তিনি ভিক্ষাবৃত্তি না করে পরিশ্রম করে উপার্জন করেন এবং মাকে নিয়ে সংসার চালাচ্ছেন। কঠোর পরিশ্রম দেখে তিনি প্রতিদিন দুপুরে অসহায় মুখলেসের মুখে খাবার তুলে দেন। অসহায়ত্ব দেখে বিগত ৫০ বছর ধরে নিঃস্বার্থভাবে কাজের সুযোগ করে দিয়েছেন শিলু। হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেস এক আত্মমর্যাদার প্রতীক। শত সংগ্রামের পরও হাত পাততে নারাজ তিনি। ৫৬ বছর বয়সি মুখলেস এখন অনেক ক্লান্ত-পরিশ্রান্ত। অনেকে তার অসহায়ত্বের কথা শুনে সহযোগিতার কথা বললেও পরে আর এগিয়ে আসেননি। এ অসহায় অবস্থায় আত্মমর্যাদাসম্পন্ন অসহায় সংগ্রামী এ পরিবারটির পাশে সরকারি বা বেসরকারি সহায়তা নিয়ে কেউ এগিয়ে এলে, জীবনের শেষ দিনগুলো হয়তো একটু স্বস্তি ও শান্তিতে কাটাতে পারবেন বৃদ্ধা রুলি বেগম এবং তার দৃষ্টিপ্রতিবন্ধী সন্তান মুখলেস।
