পলাশে তার চুরি করতে গিয়ে প্রাণ হারাল যুবক
বিদ্যুৎস্পৃষ্টে মতলবে নারী, রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে প্রাণ হারাল এক যুবক। এছাড়া বিদ্যুৎস্পৃষ্টে চাঁদপুরের মতলব দক্ষিণে এক নারী এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নরসিংদীর পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাসুম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, সোমবার রাতের কোনো একসময় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে বিদ্যুতের তার চুরি করতে যান মাসুম। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হেলেনা বেগম নামে চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. শাহজাহান খানের স্ত্রী। জানা যায়, বাড়ির ছাদে রাখা ভেজা কাপড় বাতাসে পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। সে কাপড় লোহার পাইপ দিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন হেলেনা। এ সময় তার চিৎকারে ভবনের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক মো. অন্তর মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্তর চন্দ্রঘোনা কলাবাইজ্জে ঘোনা এলাকার অটোরিকশাচালক মো. টিটুর ছেলে। এর আগে শুক্রবার দুপুরে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার আবুল খায়ের কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
