Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জুড়ীতে সংরক্ষিত বনে পুকুর খনন, স্থাপনা

হরিণসহ নানা বন্যপ্রাণী শিকার * অনুমোদন ছাড়াই মৎস্য খামার * পাহাড়ের গভীরে বহিরাগতদের আনাগোনা, মাদক চোরাচালান ভারতীয় চোরাই গরু-মহিষ নিরাপদে রেখে করা হচ্ছে পাচার

Icon

আব্দুর বর, বড়লেখা (মৌলভীবাজার)

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জুড়ীতে লাঠিটিলা এলাকার সংরক্ষিত বনভূমি দখল, অবৈধভাবে আবাদ ও স্থাপনা নির্মাণ, গাছপালা কর্তন, বনজসম্পদ ধ্বংস এবং হরিণসহ নানা বন্যপ্রাণী শিকারের অভিযোগ উঠেছে নিজেকে ভিলেজার দাবি করা মো. রইছ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে অস্ত্রসহ বনাঞ্চলে প্রবেশ, পাহাড়ের গভীরে বহিরাগতদের আনাগোনা, মাদক চোরাচালান, ভারতীয় চোরাই গরু-মহিষ নিরাপদে রেখে পাচার এবং স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সরেজমিন তদন্তসাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সম্প্রতি সিলেট বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া গ্রামের বাসিন্দা সাইদুর রহমান। অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, প্রতিমন্ত্রী, বন অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। সাইদুর রহমান লিখিত অভিযোগে বলেন, লাঠিটিলা ফরেস্ট সীমান্তবর্তী একটি দুর্গম পাহাড়ি এলাকা। এর উল্লেখযোগ্য অংশ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বা সংরক্ষিত বনভূমির অন্তর্ভুক্ত। বনভূমির গহিন এলাকায় প্রায় ২০ হেক্টর জমি অবৈধভাবে দখল করে কৃষিকাজ বা অন্যান্য কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে রইছ উদ্দিনের বিরুদ্ধে। পাশাপাশি সংরক্ষিত বনের গাছ কর্তন, বনজসম্পদ সংগ্রহ, অপসারণ, হরিণসহ বন্যপ্রাণী শিকার, ফাঁদ পাতা ও হত্যারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বনাঞ্চলের দুর্গম এলাকায় অস্ত্র বা বন্দুক নিয়ে লোকজনের চলাচল, পাহাড়ের গভীরে অবস্থিত একটি বাড়িতে বহিরাগতদের আনাগোনা এবং কথিত মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের অভিযোগও রয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন অবৈধ রাইফেল রয়েছে তার কাছে। এসব বিষয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে গোপনীয় তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেন আবেদনকারী সাইদুর রহমান। স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাইয়ের অনুরোধ জানানো হয়। এতে আরও বলা হয়েছে-অভিযোগগুলোর সঙ্গে সরকারি বনভূমির সীমানা ও মালিকানা, বন ও পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী, ভূমি প্রশাসন, অস্ত্র, মাদকদ্রব্য এবং স্থানীয় জননিরাপত্তার বিষয় জড়িত। অভিযোগে সংশ্লিষ্ট বিভাগের সরেজমিন তদন্ত, বনভূমির সীমানা নির্ধারণ, খতিয়ান, দাগ নম্বর ও মৌজা ম্যাপ যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। পাহাড়ের গভীরে ভারত সীমান্ত সংলগ্ন টিলায় রয়েছে অভিযুক্ত রইছ উদ্দিনের বসতভিটা ও অর্ধশতাধিক গরুর অ্যাগ্রো ফার্ম এবং পাহাড়ের গভীর অরণ্যে থাকা বন বিভাগের বিশালাকৃতির আন্ডর যা নব্বইয়ের দশকের সময়ে সুরমাছড়া বাঁশমহালসহ পাহাড়ের সব বাঁশ ও গাছ এ আন্ডরগুলো থেকে নদীপথে বের করা হতো। ওই আন্ডরগুলো দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাছচাষের ফিশারি বানিয়ে কোটি কোটি টাকার মৎস্য ব্যবসা করে আসছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে লাঠিটিলা ফরেস্টের প্রকৃত পরিস্থিতি উদ্ঘাটন এবং সরকারি বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সিলেট বিভাগীয় বন সংরক্ষক আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা ছাদ উদ্দিন বলেন, বিভাগীয় কার্যালয় থেকে অভিযোগের কপি পাঠানো হয়েছে। শনিবার সরেজমিন গিয়ে আংশিক ব্যবস্থা নিয়েছেন। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রইছ উদ্দিন নিজেকে বন বিভাগের ভিলেজার দাবি করলেও অভিযোগের ব্যাপারে কিছুই বলতে চাননি। তবে তার বিরুদ্ধে অভিযোগকারীর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করবেন জানিয়ে আরও বলেন, পাহাড়ের গভীরে আগে রিজার্ভ ফরেস্টের গাছ চুরি হতো। তিনি থাকায় গাছ চুরি বন্ধ হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুড়ীতে সংরক্ষিত বনে পুকুর খনন, স্থাপনা

জুড়ীতে সংরক্ষিত বনে পুকুর খনন, স্থাপনা

পলাশে তার চুরি করতে গিয়ে প্রাণ হারাল যুবক

পলাশে তার চুরি করতে গিয়ে প্রাণ হারাল যুবক

বৃদ্ধ মায়ের খাবার জোগাতে দৃষ্টি প্রতিবন্ধীর সংগ্রাম

বৃদ্ধ মায়ের খাবার জোগাতে দৃষ্টি প্রতিবন্ধীর সংগ্রাম

দেবিদ্বারে জামায়াত নেতাকে পিটিয়ে ৭ লাখ টাকা লুট

দেবিদ্বারে জামায়াত নেতাকে পিটিয়ে ৭ লাখ টাকা লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম