গাইবান্ধা ও কুড়িগ্রামে শিলাবৃষ্টি
কৃষকের ৩৫৪ হেক্টর জমির ফসলের ক্ষতি
কুড়িগ্রাম ও সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার সাতটি উপজেলার কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আমন ধান, শাকসবজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ, মরিচ ও কলাসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগে জেলার মোট ৩৫০ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুলছড়িতে। আকস্মিক এ দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন জেলার কয়েক হাজার কৃষক। জানা যায়, মঙ্গলবার রাতে গাইবান্ধার ওপর দিয়ে ঝড় ও বৃষ্টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে কোথাও আমন ধান মাটিতে নুয়ে পড়েছে, কোথাও শাকসবজি ও পেঁয়াজের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিছু এলাকায় মরিচ ও কলার বাগানেও ক্ষতির চিত্র পাওয়া গেছে। সাঘাটার মথরপাড়া গ্রামের কৃষক আফতাব হোসেন বলেন, আমার ১০ বিঘা আমনের খেতে ধানের গাছ নুয়ে পড়ছে। এখন কী করব? বুঝে উঠতে পারছি না।
এদিকে, কুড়িগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টির কারণে কুড়িগ্রাম সদর ও রাজারহাটের বেশ কিছু এলাকায় আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সরকারি হিসাবে মাটির সাথে শুয়ে পড়েছে সাড়ে চার হেক্টর জমির আমন ধান। মঙ্গলবার রাতে শিলাবৃষ্টির কারণে এসব এলাকার প্রায় সাড়ে চার হেক্টর আধা পাকা ধান মাটিতে হেলে পড়েছে। এছাড়াও শিলার আঘাতে বেশ কিছু ধান জমিতেই ঝরে পড়েছে বলে ভুক্তভোগী কৃষকরা জানান। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয় গ্রামের হবিবর ও রবিউল জানান, আমাদের ২৫ বিঘা জমির ধান সম্পূর্ণ জমিতে হেলে পড়েছে। এর ফলে কিছু ধান জমিতে ঝরে পড়েছে। এখন ধান কাটতে গেলে বাড়তি কামলা লাগবে। নিরূপায় হয়ে এখন কাঁচা ধান কাটতে হচ্ছে।
