স্বজন হারানোর বেদনা ভুলতে পারেননি ৫৬ বছরেও
আজ সেই ভয়াল ১২ নভেম্বর
আবদুল্লাহ জুয়েল, মনপুরা (ভোলা)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ ভয়াল ১২ নভেম্বর। উপকূলবাসীর জন্য সবচেয়ে শোকের দিন। ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মনপুরা, ঢালচর, হাতিয়া, নিঝুম দ্বীপ, নোয়াখালী, ভোলা, দৌলতখান, চরফ্যাশন, লালমোহন, বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম, বরগুনা, মহেশখালীসহ দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যায় সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘গোর্কি’, যা ভোলা ঘূর্ণিঝড় নামে পরিচিত। আনুমানিক দেড়শ মাইল বেগের গতিসম্পন্ন ঘূর্ণিঝড় ও ২০-২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে মৃত্যুকূপে পরিণত হয় সমগ্র উপকূল। এতে প্রাণ হারান লাখ লাখ মানুষ। সেই স্বজন হারানোর ব্যথা গত ৫৬ বছরেও ভুলতে পারেননি উপকূলবাসী। সেই বিভীষিকাময় রাতের কথা বলতে গিয়ে আজও আঁতকে ওঠেন উপকূলবাসী। স্বজন হারানোর ব্যথা আজও কাঁদিয়ে তোলে উপকূলবাসীকে। এই দিনটিকে ‘উপকূল দিবস’ হিসাবে পালনের দাবি দীর্ঘদিনের। এদিকে, সরকারিভাবে এই দিনটির স্বীকৃতি না পেলেও গত ১৫ বছর ধরে ‘একটি দিন হোক উপকূলবাসীর’ সেই স্লোগানকে সামনে রেখে উপকূলীয় এলাকায় ‘উপকূল দিবস’ পালন করছেন উপকূলীয় সাংবাদিকতার পথিকৃৎ রফিকুল ইসলাম মন্টু। সেই দিন জলোচ্ছ্বাসে সাগরে ভেসে যাওয়া ও ৭ দিন সাগরে ভেসে থাকা ও জীবিত মনপুরায় ফিরে আসা আশি-ঊর্ধ্ব দুই নারী রাহেলা বেগম ও মফিজা খাতুন। মফিজা খাতুন ঘটনার বর্ণনা করেন, সেদিন ছিল রমজান মাস। সকাল থেকে আবহাওয়া ঘোমট ছিল। সন্ধ্যা হতেই বাতাসের বেগ বাড়তে থাকে। রাত বাড়তেই উঠানে পানি ওঠে। তিনি স্বামী ও সন্তান নিয়ে ঘরে ছিলেন। হঠাৎ গভীর রাতে প্রচণ্ড জোয়ারে ভেসে যান তিনি। পরে একটি কাঠের ওপর ভেসে থাকেন ৭ দিন। সেই সময় তিনি সাগরে অসখ্য মানুষের লাশ ভেসে যেতে দেখেন বলে গুমরে কেঁদে ওঠেন। মানুষের বাঁচার আকুতির সেই দৃশ্য আজও তাড়া করে বেড়ায় মফিজা খাতুনকে। পরে বঙ্গোপসাগর থেকে একটি বিদেশি জাহাজ উদ্ধার করে তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে দিয়ে যায়। তিনি চট্টগ্রামে এক মাস চিকিৎসা নেওয়ার পর ফের মনপুরায় আসেন সরকারি উদ্যোগে। তিনি মৃত্যুর আগে এই দিনটিকে সরকার উপকূল দিবস ঘোষণা করেছে দেখে যেতে চান। সেই সময়কার সাগরে ৭ দিন ভেসে থেকে জীবন-মরণ লড়াই করে বেঁচে ফিরে আসা আরেক নারী রাহেলা খাতুন। তার ছেলে সহকারী শিক্ষক আবদুর রব মায়ের কাছ থেকে শোনেন সেই দিনের ঘটনা শুনে বর্ণনা করেন, সেই দিনের জলোচ্ছ্বাসে দুই বোন ও এক ভাইকে হারান তারা। মা রাহেলা খাতুন বন্যার দিন খেজুর গাছে আশ্রয় নেন। পরে বাতাসের বেগ ও প্রচণ্ড স্রোতের তোড়ে গাছ থেকে পড়ে যান রাহেলা খাতুন। তারপর খেজুর গাছের ডাল ধরে বেঁচে থাকার প্রাণপণ লড়াই করেন রাহেলা খাতুন। একপর্যায়ে ভেসে যাওয়া কাঠের আলমারিতে ধরা অচেনা মানুষের সঙ্গে ভাসতে ভাসতে সাগরে চলে যান মা রাহেলা বেগম। পরে কাঠের আলমারির এক প্রান্তে ধরা অচেনা মানুষ ও অপরপ্রান্তে ধরা রাহেলা খাতুন সাগরে ভাসতে থাকেন ৭ দিন। পরে দূরে সামদ্রিক জাহাজ দেখে কাঠের লাকড়ি ওপর গামছা প্যাঁচিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্ঠা করেন। পরে এক বিদেশি জাহাজ রাহেলা খাতুন ও অচেনা মানুষকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক মাস চিকিৎসা শেষে সরকারি উদ্যোগে মনপুরায় ফিরে আসেন। সেই সময় রাহেলা বেগম ২৭ বছরের গৃহবধূ ছিলেন। মৃত্যুর আগে দুই বোন ও এক ভাই হারানো ব্যথা স্মরণ করে রাহেলা বেগম কান্না করতেন জানান ছেলে সহকারী শিক্ষক আবদুর রব। মা বেঁচে থাকার সময় নভেম্বর মাস আসলেই সেই দুঃসহ স্মৃতি স্মরণ করে শোনাতেন। এদিকে, সরকারিভাবে দিবসটি উদ্যাপন করা না হলে বেসরকারিভাবে ও নিজস্ব উদ্যোগে দিবসটি পালন করবে বিচ্ছিন্ন দ্বীপ উপকূলের বাসিন্দারা। এই ব্যাপারে মনপুরার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক লোকমান হোসেন, সাংবাদিক বনি-আমিন, সজিব মোল্লা, রাজু ও রাকিব হাসানসহ অনেকে জানান, এই উপকূলে ৭০ সালের বন্যায় অধিকাংশ বাসিন্দা মৃত্যুবরণ করেন। মৃত্যুকূপে পরিণত হয় মনপুরা উপকূল। স্বজন হারানো ব্যথা আজও ভুলতে পারেননি। তাই ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি করেন তারা।
