জাজিরায় পদ্মায় ভাসছিল অর্ধগলিত খণ্ডিত দেহ
মঠবাড়িয়া রাজনগরে কৃষক ও ভ্যানচালকের লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। এছাড়া মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের ও রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে এ খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া লাশটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা সম্পূর্ণ কেটে আলাদা করে ফেলায় এবং অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে জাকির আকন নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানে গাছের নিচে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। জাকির ওই গ্রামের মৃত ওয়াহেদ আকনের ছেলে। ধারণা করা হচ্ছে, রাতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য জানা যাবে। রাজনগরে পিন্টু কর নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনের থেকে তার লাশ উদ্ধার করা হয়। পিন্টু উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের টয়লেট ট্যাংকির পাশে থাকা একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
