চলমান কাজের পাশ থেকে বালু উত্তোলন
হুমকিতে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্প
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধ এবং সমুদ্র থেকে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধারে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়ম না থাকলেও প্রকল্পটির চলমান কাজের পাশ থেকে অবৈধভাবে বালু তুলে নির্মাণকাজ চলতে দেখা গেছে। এতে হুমকিতে পড়েছে সরকারের ৫৮৮ কোটি ৯৪ লাখ টাকার এ প্রকল্প। বুধবার বিকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, উড়িরচর-নোয়াখালী অংশে পানি উন্নয়ন বোর্ডের কাজটি নৌবাহিনীর তত্ত্বাবধানে করছে প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। ঠিকাদারি প্রতিষ্ঠানটি জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে প্রকল্পের পাশ থেকে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলে কাজ করছে। এতে ভাঙন বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদার এভাবে অবৈধভাবে বালু তুলে ক্রসড্যাম নির্মাণ করতে পারে না। আর এটি করলেও তা অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বরাবর প্রকল্পটির অনিয়ম ও অসঙ্গতি রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে সহযোগিতা কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। অভিযোগে তিনি বলেন, ২০২৫ সালে শুরু হওয়া কাজটির ধীরগতি ও অত্যন্ত নিুমানের হচ্ছে। প্রকল্পটির কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন ঠিকাদার। এছাড়া ৫ শতাংশ কাজ শেষ না হলেও ঠিকাদার ২৪০ কোটি টাকার বিল উত্তোলন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, ‘বালু তোলার অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনটি আমরা জেলা প্রশাসককে পাঠিয়েছি। কাজটি নৌবাহিনী করছে, তাই এর বেশি আমরা কিছু জানি না।’
