পাকুন্দিয়ার তারাকান্দি কুঁড়েরপাড় বালিকা বিদ্যালয়
খাতা-কলমে শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ, বাস্তবে মাত্র চারজন!
প্রধান শিক্ষকের দাবি-এক কিলোমিটারে চার প্রতিষ্ঠান হওয়ায় কমে গেছে ছাত্রী
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বালিকা বিদ্যালয়ে কাগজ-কলমে ৬০ শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র চারজন। ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমে দুজন, সপ্তম ও অষ্টম শ্রেণির ক্লাসরুমে একজন করে উপস্থিত শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। চারজন শিক্ষার্থীর জন্য আটজন শিক্ষক এবং আয়া ও দপ্তরিসহ ১৪ জন নিয়মিত বেতন-ভাতা তুলছেন। এমনই চিত্র দেখা গেছে পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি কুঁড়েরপাড় নিু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। সরেজমিন বৃহস্পতিবার সকালে অনুসন্ধানে এমনই চিত্রই উঠে আসে। শিক্ষক ও সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে বিদ্যালয়ের এমন চিত্র বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। এ সময় দেখা যায়, অফিসকক্ষে শিক্ষার্থীদের জন্য দেওয়া বই স্তূপ করে রাখা হয়েছে, শ্রেণিকক্ষে প্রবেশ করেই দেখা গেল সুনসান নীরবতা। নেই শিক্ষার্থীদের কোনো কোলাহল। বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমে দুই শিক্ষার্থী খেলা করছে, সপ্তম শ্রেণিতে একজন ও অষ্টম শ্রেণির ক্লাসরুমে একজন শিক্ষার্থীর ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার্থীর হাজিরা খাতায় গত আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত অধিকাংশ হাজিরা খাতা অব্যবহৃত ও শূন্য অবস্থায় রয়েছে। এলাকাবাসী জানান, করোনার আগে প্রতি ক্লাসে ২০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত ক্লাস করত। কয়েক বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীর হার অনেক কম। দীর্ঘদিন থেকে শিক্ষকদের মতবিনিমিয় ও কথাবার্তা হয় না। জানা যায়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খাতা-কলমে শিক্ষার্থী সংখ্যা ৬০ এবং শিক্ষক ৮ জন। কিন্তু বাস্তবে এর চিত্র ভিন্ন। বিদ্যালয়ের খাতা-কলমে উপস্থিতি শতভাগ থাকলেও বাস্তবে উপস্থিত মাত্র চারজন শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফুজুল আলম বলেন, এক কিলোমিটারের মধ্য তিনটি বিদ্যালয় ও কওমি মাদ্রাসা হওয়ায় ছাত্রী কমে গেছে। এছাড়া অনেকেই কিন্ডারগার্টেনে লেখাপড়া করার কারণে এ বছর সমস্যাটা বেশি হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ‘বারবার তাগিদ দেওয়া হচ্ছে, নিজেরাও গিয়েছি শিক্ষার্থী বাড়ানোর জন্য, আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থী দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করছেন তারা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। বিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলব। তারপর পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয় তা আমি তদারকি করব।’
