র্যাগিং-যৌন হয়রানি
ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৫ জনকে স্থায়ী, ২ জনকে দুই বছর এবং ১৯ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ৪ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে যৌন হয়রানির দায়ে আরেক শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে লোকপ্রশাসন বিভাগের আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ী বহিষ্কার এবং মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে বিভাগটির শিক্ষার্থী সানি নেহালি ও সানাউল করিমকে ২ বছর এবং শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
