সাইনবোর্ডসর্বস্ব প্রতিবন্ধী স্কুল
কুড়িগ্রামে চাকরির নিশ্চয়তায় শতাধিক প্রতিষ্ঠানের নামে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা * সরকারি অনুদান না পেয়ে অধিকাংশই অচল
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্কুলের সাইনবোর্ড আছে; কিন্তু ঘর তালাবদ্ধ। কোথাও শিক্ষক-কর্মচারীদের পদধূলি পড়ে কালেভদ্রে, কোথাও কাগজে শিক্ষার্থী থাকলেও শ্রেণিকক্ষে কেউ নেই। পরিদর্শনের দিন ভ্যান ভাড়া করে শিক্ষার্থী আনার অভিযোগও রয়েছে। অনেক জায়গায় শিক্ষকরা পালা করে ‘ডিউটি’ করেন। খরচের ভয়ে নিয়মিত চালু রাখা হয় না বিদ্যালয়ের কার্যক্রম। অথচ চাকরির নিশ্চয়তা ও সরকারি অনুদানের আশায় শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। কোথাও নিয়োগের নামে, কোথাও স্বীকৃতির প্রক্রিয়া ও বিভিন্ন খরচের কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি অনুদান না পাওয়ায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের শতাধিক প্রতিবন্ধী বিদ্যালয়ের। সবচেয়ে উদ্বেগের বিষয়, এসব প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পাওয়ার কথা যেসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর, তারাই এখন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিন জানা গেছে, ২০০৮ সালের পর থেকে জেলার বিভিন্ন এলাকায় রাতারাতি গড়ে ওঠে নানা নামের প্রতিবন্ধী বিদ্যালয়। কোথাও নতুন ঘর নির্মাণ করে, কোথাও দোকান ঘরের সামনে সাইনবোর্ড টাঙিয়ে বিদ্যালয়ের অস্তিত্ব জানান দেওয়া হয়। সরকারি করার গুজব ও অনুদানের আশায় উদ্যোক্তারা এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সরকারি স্বীকৃতি ও চাকরি স্থায়ী হওয়ার আশ্বাস দিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে নেওয়া হয় বিপুল অর্থ। সাধারণ বিদ্যালয়ের তুলনায় বেশি জনবল কাঠামোর সুযোগ নিয়ে এসব প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য চলে। শুরুতে জেলায় দুই শতাধিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বর্তমানে টিকে থাকার সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। সরকারি অনুদান না পাওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম এখন প্রায় বন্ধ। কয়েকটি বিদ্যালয় ঘুরে কোথাও শিক্ষার্থীদের দেখা মেলেনি। বেশিরভাগই পাওয়া গেছে তালাবদ্ধ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলাতেও রয়েছে এমন ১০টি প্রতিবন্ধী বিদ্যালয়। এর মধ্যে নাজিমখান ইউনিয়নেই রয়েছে দুটি। একটি নাজিমখান বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, অন্যটি ইসমাইল হোসেন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। সরেজমিন এ দুটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, বিদ্যালয় আছে, ঘর আছে; কিন্তু নেই শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। নাজিমখান ইউনিয়নের রাঘব মৌজার ফকিরপাড়া গ্রামে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় নাজিমখান বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। তবে সাধারণ বিদ্যালয়ের মতো শ্রেণির নাম ব্যবহার করা হয় না। বিদ্যালয়টির নথিতে শিক্ষার্থী রয়েছে ১২১ জন। তাদের পাঠদানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ১৮ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে ১০ জন শিক্ষক ও আটজন আয়া। অথচ সরেজমিন কোনো শিক্ষার্থীর উপস্থিতি কিংবা পাঠদান দেখা যায়নি। বিদ্যালয়ে নেই কার্যকর অফিসকক্ষ, শ্রেণিকক্ষে নেই বেঞ্চ। ঘরের বেড়াও ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে পড়ে আছে বিদ্যালয়ের অবকাঠামো। প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান জানান, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর জন্য একজন শিক্ষক এবং ১০ জন শিশুর জন্য একজন আয়া নিয়োগের বিধান রয়েছে। তবে করোনার পর ২০২০ সাল থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। বর্তমানে ব্যক্তিগত অনুদানে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। সেই অর্থ থেকে শিক্ষক-কর্মচারীদের মাসে ৫০০ থেকে এক হাজার টাকা করে দেওয়া হয়। বিদ্যালয়ে নিজের ছেলে ও ছেলের বউকেও নিয়োগ দিয়েছেন বলে জানান আবু সুফিয়ান। তিনি বলেন, বিদ্যালয়ের স্বীকৃতির কাজ চলমান রয়েছে। স্বীকৃতি পেলে নিয়ম অনুযায়ী আরও শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে হবে। বিভিন্ন দপ্তরে ফাইল নিয়ে যাওয়া এবং স্বীকৃতির প্রক্রিয়া এগিয়ে নিতে নানা খরচ রয়েছে। এসব খরচের কথা উল্লেখ করে ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকেও অর্থ নিয়েছেন তিনি। তার ভাষ্য, বিভিন্ন দপ্তরে ফাইলের কাজ এগিয়ে নিতে অর্থের প্রয়োজন হয়। একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে অবস্থিত ইসমাইল হোসেন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা ইছহাক আলী। বিদ্যালয়টিতে গিয়েও দেখা গেছে একই চিত্র। শিক্ষার্থী নেই, শ্রেণিকক্ষে বেঞ্চ নেই। একটি ঘর পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। নিয়মিত পাঠদান বা শিক্ষা কার্যক্রমের কোনো চিহ্ন চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়টিতে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়টি একসময় সরকারি হবে এবং চাকরি স্থায়ী হবে-এমন আশায় তারা টাকা দিয়েছেন। তবে দীর্ঘদিনেও সে প্রত্যাশা পূরণ হয়নি। অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠাতা ইছহাক আলী বলেন, স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি জায়গা দিয়েছেন। ঘর নির্মাণ করতেও খরচ হয়েছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন খাতে খরচ হয়। এসব খরচের জন্য কিছু টাকা নেওয়া হয়েছে। রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক গ্রামে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় হরিশ্বর তালুক অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়। বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে। উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্ব দেবোত্তর গ্রামে অবস্থিত লুত্ফুন্নেছা অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়টিও একাধিক দিন গিয়ে বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে প্রতিষ্ঠিত একটি প্রতিবন্ধী বিদ্যালয়ও একাধিক দিন তালাবদ্ধ পাওয়া গেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলে করিম জানান, প্রতিদিন বিদ্যালয়ের কার্যক্রম চালাতে কমপক্ষে তিন হাজার টাকা খরচ হয়। শিক্ষক-কর্মচারীদের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। কয়েক দিন আগে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। জেলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রকৃত সংখ্যা এবং এসব প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের পরিকল্পনা কী, তা নিয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে নেই স্পষ্ট তথ্য। জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম জানান, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এসব বিদ্যালয় প্রতিষ্ঠার নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে বিদ্যালয়গুলোর বিষয়ে তাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। তবে জেলায় ১০০টির বেশি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
