সিডরে নিখোঁজ মেয়ের ফিরে আসার অপেক্ষা
১৯ বছর ধরে বেড়িবাঁধে থাকেন বৃদ্ধ মা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছে স্বামী, বসতভিটাসহ জীবনের সব স্বাভাবিকতা। কিন্তু আট বছর বয়সি ছোট মেয়ে রহিমাকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন বৃদ্ধ রেবা বেগম (৬৭)। ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরের বেড়িবাঁধে বসে মেয়ের ফেরার অপেক্ষা করছেন তিনি। তার বিশ্বাস, একদিন মেয়ে ফিরে এসে ‘মা’ বলে জড়িয়ে ধরবে। সে আশাতেই অন্য কোথাও চলে যাননি তিনি। শুক্রবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। একা বসে থাকা এই বৃদ্ধার সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল তার জীবনের এক বেদনাবিধুর অধ্যায়ের কথা। একসময় সচ্ছল গৃহস্থ ছিলেন রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাদের বড় বসতবাড়ি ও কৃষিজমি। ভালোই চলছিল সংসার। সিডরের রাতে আশপাশের অনেক মানুষ তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ জলোচ্ছ্বাস শুরু হলে প্রাণ বাঁচাতে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। বেড়িবাঁধে ওঠার পর প্রবল সে াতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তারা। স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেঝ মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন শেল্টারের কাছে পৌঁছান। পরে রেড ক্রিসেন্টের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেন। রেবা বেগম জানান, তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে রুমা খাতুনকে পরদিন সকালে জীবিত অবস্থায় একটি গাছের ডাল থেকে উদ্ধার করা হয়। তিনি বেঁচে গেলেও স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে আট বছর বয়সি রহিমা নিখোঁজ ছিলেন। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর লাশ পাওয়া যায়। কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর স্বামীর লাশ মাটিচাপা দিতে বাধ্য হন তিনি। কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি। স্বামীকে হারিয়ে দিশেহারা রেবা বেগম। এরপর শুরু করেন নিখোঁজ মেয়ের সন্ধান। সেই খোঁজ আর অপেক্ষার ১৯ বছর পেরিয়ে গেছে। মধ্যবয়সি নারী থেকে তিনি এখন শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বরের ভাঙনে হারিয়েছেন কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজনও অন্যত্র চলে গেছেন। কিন্তু মেয়ের ফিরে আসার আশায় তিনি ছাড়েননি সেই বেড়িবাঁধ। সেখানে একটি ছোট কুঁড়েঘরে বসবাস করেন তিনি। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে যায়, আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন। তার ভয়, অন্য কোথাও চলে গেলে মেয়ে ফিরে এসে তাকে খুঁজে পাবে না। রেবা বেগম বলেন, ‘সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।’
