বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট
রাজারহাটে ভাঙনঝুঁকিতে জনপদ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজারহাটে বসতবাড়ি রক্ষার কথা বলে তিস্তা নদীর তীর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উত্তোলিত বালু দিয়ে ভরাট করা হচ্ছে একটি পুকুর। নদীভাঙন রোধে ওই এলাকায় সম্প্রতি জিও ব্যাগ ফেলা হলেও এর কাছেই চলছে বালু উত্তোলন। এতে নদীর তীর ও আশপাশের জনপদ নতুন করে ভাঙনঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শনিবার সকাল থেকে বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার ৭ নম্বর ওয়ার্ডের গাবুর হেলান স্কুলসংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। জানা যায়, গাবুর হেলান গ্রামের বজলে রহমানের (৭৫) প্রায় ১৫ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরের পাড় ভেঙে আশপাশের কয়েকটি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে গত শুক্রবার রাতে স্থানীয়দের নিয়ে বৈঠক হয়। বৈঠকে পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই তিস্তা নদীর তীর থেকে বালু তুলে পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, পুকুরের চারপাশে থাকা ১০ থেকে ১২টি পরিবার পাড় ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বাড়িঘর রক্ষার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নদী থেকে এভাবে বালু উত্তোলন অবৈধ বলে স্বীকার করেছেন সংশ্লিষ্টরাও। স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর বলেন, পুকুরের পাড় ভেঙে আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বালু উত্তোলন করা হচ্ছে। যদিও এভাবে বালু তোলা অবৈধ। ড্রেজার মালিক মুজাহিদ ইসলাম বলেন, এভাবে বালু উত্তোলন অবৈধ। কিন্তু গ্রামবাসী সবাই এক হয়ে এটি করার জন্য বলায় আমি করছি। পুকুরের মালিক বজলে রহমান বলেন, আমার ছেলে এ কাজের জন্য ড্রেজার মালিকের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে কথা বলেছে।
