Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ঢাকা-শরীয়তপুর চারলেন মহাসড়ক

প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

ছয় বছরেও শেষ হয়নি কাজ * চরম ভোগান্তিতে লাখ লাখ যাত্রী ও সাধারণ মানুষ

Icon

কেএম রায়হান কবীর, শরীয়তপুর

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুই দফা মেয়াদ শেষ হলেও এখনো শেষ হয়নি শরীয়তপুরের ঢাকা-শরীয়তপুর মহাসড়কের চারলেন সড়ক প্রকল্পের নির্মাণকাজ। প্রকল্পের তিনটি প্যাকেজের কোথাও শ্রমিক নেই, নেই যন্ত্রপাতি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে শেষ হবে কাজ, তা বলতে পারছেন না কেউই। ঢাকা-শরীয়তপুর নির্মাণাধীন চারলেন সড়ক প্রকল্পজুড়ে এখন খানাখন্দ আর এর মধ্যেই চলাচল করছে যানবাহন। বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েকগুণ। কাদা-পানিতে একাকার হয় মহাসড়কটি। সে সড়কেই ঝুঁকি নিয়ে কচ্ছপ গতিতে যানবাহনের ছুটে চলা। শরীয়তপুর সওজ সূত্রে জানা যায়, ২০২০ সালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেয়। শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটির নির্মাণকাজ শুরু করা হয় ২০২১ সালে। জেলা শহর থেকে নাওডোবা যাতায়াতের ১৮ ফুট প্রশস্ত সড়কটিকে চারলেনে করার জন্য এক হাজার ৬৮২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই প্রকল্পে ২৭ কিলোমিটার সড়ক চারলেনের জন্য ১০৫ হেক্টর জমি অধিগ্রহণ কাজ শুরু করে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। গত ছয় বছর পার হলেও সড়কটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। সওজ সূত্রে জানা যায়, ২৭ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও নির্মাণ প্রকল্পটিকে তিনটি গুচ্ছ প্রকল্পে (প্যাকেজে) ভাগ করা হয়। এর মধ্যে একটি প্যাকেজে জেলা শহর থেকে জাজিরা উপজেলা সদর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার, আরেকটি প্যাকেজে জাজিরা টিঅ্যান্ডটি থেকে নাওডোবা পর্যন্ত ১২ কিলোমিটার এবং অপর একটি প্যাকেজে দুটি সেতু ও সেতুর দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদার নিযুক্ত করে সড়ক বিভাগ। সড়কটি নির্মাণের সময়সীমা ইতোমধ্যে দুই দফা বৃদ্ধি করার পরও কাজ শেষ হয়নি। এ তিনটি প্যাকেজের মধ্যে জেলা শহর থেকে জাজিরা পর্যন্ত যে প্যাকেজটি তার দুই কিলোমিটার এলাকার জমি অধিগ্রহণ এখনো শেষ করতে পারেনি জেলা প্রশাসনের এলএ শাখা। সে কারণে ওই দুই কিলোমিটার অংশের কাজ শুরুই করা যায়নি। সেখানে খানাখন্দ আর ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। জাজিরার টিঅ্যান্ডটি থেকে নাওডোবা পর্যন্ত চার কিলোমিটার অংশের অধিগ্রহণ শেষ হয়নি। সেখানে জমি বুঝে না পেয়ে ঠিকাদার কাজ করছেন না। এছাড়া আরেক প্যাকেজের আওতায় কীর্তিনাশা নদীতে দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে জমি অধিগ্রহণ জটিলতায় কাজিরহাট সেতুটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ৩০ জুন শেষ হয়েছে প্রকল্পের দ্বিতীয় দফা মেয়াদ। দুটি প্যাকেজের কাজ কার্যত বন্ধ। নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান কার্যক্রম। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, নষ্ট হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। যাত্রী রহিম মোল্লা ও মাসুদ ব্যাপারী জানান, এ সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। মাঝেমধ্যে গাড়ি উলটে পড়ছে। স্থানীয় মোশারফ হোসেন ও আবুল কালাম বলেন, ‘কাজিরহাট ব্রিজটির কাজ ২০০০ সালে শুরু হইছে, এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। ২০ ভাগ কাজ শেষ হইছে এবং ৮০ ভাগ কাজ এখনো বাকি রইছে। বর্তমানে তিন মাস ধরে কোনো কাজই চলে না।’ জমি বুঝে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারেনি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শরিফ হোসেনের। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহ আলম বলেন, ‘এটা তো ডিসি অফিসের কাজ। আমরা বুঝব না। আমাদেরকে সড়ক বিভাগ জায়গা বুঝিয়ে দিলে আমরা কাজ করতে পারব।’ শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহাদ রহমান খান বলেন, এখনো ১৪, ১৫ ও ১৬নং এলএ কেসের কিছু জায়গা অধিগ্রহণের জটিলতার আছে। পাশাপাশি প্রেমতলা সেতুর জমি অধিগ্রহণের জটিলতার কারণে অ্যাপ্রোচের কাজ বন্ধ ছিল। ভূমি অধিগ্রহণ জটিলতা কেটে গেছে। শিগগিরই কাজ ধরা হবে। কাজির হাটের সেতুর কাজ আবহাওয়া জটিলতার কারণে বন্ধ রয়েছে। ব্রিজের কাজ চলতি মাসের শেষে শুরু হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকা-শরীয়তপুর চারলেন মহাসড়ক প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণকেন্দ্র অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট

বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট

ভান্ডারিয়ার খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম