গৌরবের ছয় দশকে চবি
কাটেনি আবাসনসহ নানা সংকট
রেফায়েত উল্যাহ রুপক, চবি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিষ্ঠার ছয় দশকে পদার্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ পথপরিক্রমায় দেশের উচ্চশিক্ষা, গবেষণা, রাজনীতি, সংস্কৃতি ও জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গড়ে তুলেছে অসংখ্য শিক্ষক, গবেষক, রাজনীতিক ও পেশাজীবী। তবে ছয় দশকের অর্জনের বিপরীতে আবাসন, পরিবহণ, গবেষণা অবকাঠামো ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট এখনো বিশ্ববিদ্যালয়টির বড় চ্যালেঞ্জ। হীরকজয়ন্তী উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনটি ঘিরে আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উৎসবের মধ্য দিয়ে ছয় দশকের অর্জন ও স্মৃতি উদ্যাপন করবেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইতিহাস অনুযায়ী, ওই বছরের ২৮ নভেম্বর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি বিভাগে ২০০ শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। চারটি বিভাগ নিয়ে শুরু করলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এবং এক হাজার ১০ জন শিক্ষক রয়েছেন। হাটহাজারীর ফতেহপুরে দুই হাজার ৩১২ দশমিক ৩২ একর পাহাড়ি ভূমিজুড়ে বিস্তৃত ওই ক্যাম্পাস চট্টগ্রাম নগরী থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের ধারায় যুক্ত থেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সদস্য শহীদ হন। তাদের মধ্যে একজন শিক্ষক, ১২ জন শিক্ষার্থী এবং তিনজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। শহীদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তৎকালীন চাকসুর সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবদুর রব। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফারহাদ হোসেন শহীদ হন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। তবে ছয় দশকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক আসন রয়েছে ছয় হাজার ৪৯৩টি। তাই হীরকজয়ন্তীর উৎসব শুধু অতীতের অর্জন উদ্যাপনের উপলক্ষ্য নয়; বরং আগামী দিনের বিশ্ববিদ্যালয় কেমন হবে, সেই প্রশ্ন সামনে আনারও সময়।
