দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না তিনি। সীমিত ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক এই বিল পেয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর ইউনুস আলীর সংসার চলে দিন এনে দিন খেয়ে। তার সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি। বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা। এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? তারা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।’
