পারিবারিক বিরোধ মীমাংসার আশ্বাস
পটিয়ায় তরুণীকে কুপ্রস্তাব প্রধান শিক্ষকের
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটিয়ায় পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে এক তরুণী ও তার ভাইয়ের সঙ্গে। পেশায় ফুটবল খেলোয়াড় ওই তরুণীর অভিযোগ, তার বিয়ে না হওয়ায় তিনি পৈতৃক সম্পত্তিতে ভাগ পান। কিন্তু তার ভাই সব জমি তার মায়ের কাছ থেকে রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে তিনি বসবাস করার অধিকারটুকুও হারিয়েছেন। এ বিষয়ে সমাধানের জন্য পটিয়া আসনের এমপি এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে’কে দায়িত্ব দেন। কিন্তু শ্যামল মাস্টার বিষয়টি সমাধানের বিনিময়ে তরুণীকে ‘তুমি অনেক সুন্দর’ সম্বোধন করে তার সঙ্গে ফ্রি সময় কাটানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণী লাইভে এসে কর্ণফুলী নদীতে আত্মহত্যার চেষ্টা ও পরবর্তীতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করলে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। বিরোধ মীমাংসার প্রতিদানে ফ্রি সময় চাওয়ার ওই প্রস্তাবকে কেন্দ্র করে তরুণী এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্র্ণফুলী নদীতে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এলাকার লোকজন তাকে আটক করে পরিবারের কাছে তুলে দেন। তুমুল সমালোচনা ও তরুণী কর্তৃক সংবাদ সম্মেলনে অভিযোগের পরিপ্রেক্ষিতে পালটা সংবাদ সম্মেলন করেন শ্যামল মাস্টার। ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই তরুণীর পারিবারিক সমস্যার বিষয়ে তিনি এমপি এনামুল হকের নির্দেশে সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু মা ও ভাই তরুণীর ইচ্ছেমতো সমাধান করতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। সমাধান করে দেওয়ার বিনিময়ে তার সঙ্গে ফ্রি সময় কাটানোর প্রস্তাব দেওয়ার বিষয়টি ভিত্তিহীন ও ভুয়া। তার সঙ্গে হোয়াটসঅ্যাপে তার কখনো কোনো ধরনের চ্যাটিং হয়নি বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই স্ক্রিন শর্ট ল্যাবের পরীক্ষায় সঠিক প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন তা তিনি মাথা পেতে নেবেন। এদিকে গত বৃহস্পতিবার ওই তরুণী চট্টগ্রাম প্রেস ক্লাবে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন। এর ১০-১২ দিন আগেও একবার সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজের স্ক্রিন শর্টকে ভুয়া দাবি করে শ্যামল মাস্টারের চ্যালেঞ্জকে সাধুবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্যামল মাস্টারের প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তাদের পারিবারিক বিষয়টি সমাধান করা হয়নি। শ্যামল মাস্টার ও তার বাড়ি একই ইউনিয়নে। তাকে তিনি চাচা বলে সম্বোধন করতেন। কিন্তু তার কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করেননি।
