মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স
আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে ঘুস বাণিজ্য
লাখ টাকা দিয়েও চাকরি বহাল হয়নি টিকিট ক্লার্কের * মেয়াদ শেষের আগে ছাঁটাই * বেতন পাইয়ে দিতে নেওয়া হয়েছে ১৫ হাজার টাকা করে * আয়া থেকে টিকিট ক্লার্ক পদে অফিস সহকারীর ভাইজি
মো. পলাশ রহমান, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীরা একের পর এক ঘুস বাণিজ্যের অভিযোগ করছেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। চাকরি পুনর্বহালে এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা করে ঘুস, বকেয়া বেতন পাইয়ে দিতে ১৫ হাজার টাকা করে আদায় এবং লাখ টাকা ঘুস দিয়ে চাকরি বহাল না হওয়াসহ নানা অভিযোগ ওইসব কর্মচারীর। এসব দুর্নীতি নিয়ে গত ২২ আগস্ট ‘আউটসোর্সিং কর্মচারীদের কাছে ঠিকাদারের ঘুস দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যুগান্তরে। ওই সময় শাকিল নামের এক কর্মচারী এ বিষয়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলানা আক্তার নিপার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। তবে এতকিছুর পরও থামেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের ঘুস বাণিজ্য। অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে এক লাখ ২০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেছেন সদ্য চাকরি থেকে ছাঁটাই হওয়া শিমু খাতুন নামে এক টিকিট ক্লার্ক। দীর্ঘ সাত বছর একই পদে থাকা শিমু খাতুনকে কোনো নোটিশ ছাড়াই মেয়াদ শেষের আগে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে অভিযুক্ত ওই অফিস সহকারী লুৎফর রহমানের আপন ভাইজি পান্না খাতুনকে। পান্না খাতুন এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া পদে কাজ করতেন। স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, আউটসোর্সিংয়ের ১০ কর্মচারীর মধ্য ছয়জন ঘুস দিয়ে নিয়োগপত্র নিয়েছেন। শিমু খাতুনসহ চারজন এখনো নিয়োগপত্র পাননি। শিমু খাতুন যুগান্তরকে বলেন, ‘দীর্ঘ সাত বছর এ হাসপাতালে টিকিট ক্লার্ক পদে কাজ করছি। বকেয়া বেতন পাওয়ার পর ম্যাডাম আমাদের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছেন। চাকরি পুনর্বহালের জন্য অফিস সহকারী লুৎফর রহমানের কাছে এক লাখ ২০ হাজার টাকা দিয়েছিলাম। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে গত অক্টোবর মাসের ১২ তারিখ থেকে অফিস সহকারী লুৎফর রহমান আমাকে কাজ করতে দিচ্ছেন না। আমার জায়গায় তার আপন ভাইজিকে দিয়ে কাজ করাচ্ছেন। চুক্তি অনুযায়ী এখনো আমার কাজের মেয়াদ দুই মাস বাকি রয়েছে। ছাঁটাইয়ের ব্যাপারে আমাকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালেও কাজ করতে গেছি; কিন্তু লুৎফর সাহেব আমাকে চেয়ারে বসতে দেননি।’ তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে ম্যাডাম হেলেনা আক্তার নিপার কাছে গেলে অল্পকিছু টাকা দিয়ে খালি থাকা পান্না খাতুনের আয়ার পদে কাজ করতে বলেছেন। আমি এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছি।’ আউটসোর্সিংয়ের আরেক কর্মচারী বলেন, ‘আমরা ১১ মাসের বকেয়া বেতন পেয়েছি। হেলানা আক্তার নিপা ম্যাডাম বেতন পাইয়ে দেওয়ার জন্য ওই সময়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তার নাম করে নয়জনের কাছ থেকে ১৫ হাজার করে টাকা নিয়েছেন।’ অভিযোগ অস্বীকার করে অফিস সহকারী লুৎফর রহমান বলেন, ‘আমি তার কাছ থেকে কোনো টাকা নেইনি। আমার ভাইজিকে ঠিকাদার নিয়োগ দিয়েছেন। শিমু খাতুন বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, ‘এ হাসপাতালে কোনো ঘুস লেনদেন হয় না। শিমু খাতুনকে কাজ থেকে বাদ দেওয়া হয়নি। যে কয়জন নিয়োগপত্র এনেছেন তাদের পদ অনুযায়ী কাজ দেওয়া হয়েছে।’ তাহলে শিমু খাতুনকে অল্প কিছু টাকা দিয়ে আয়া পদে কাজ করতে বলেছেন কেন? এ প্রশ্নে প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি বলেন, ‘আমি টাকার কথা বলিনি। তবে শিমু খাতুনকে অন্য পদে কাজ করার কথা বলেছি।’
