ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ
হোসাইন আহমদ, মৌলভীবাজার
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোমর বেঁধে দুর্নীতিতে নেমেছেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. তোফাজ্জল আলী। শিক্ষাগুরুর এমন অনৈতিক কাজে হতবাক জেলার সচেতন মহল, রাজনীতিবিদ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুসন্ধানে জানা যায়, প্রফেসর মো. তোফাজ্জল আলী গত সেপ্টেম্বর মাস থেকে অবৈধভাবে অধ্যক্ষের বাসভবনে থাকছেন। ভুয়া বিল-ভাউচার করে টাকা আত্মসাৎ, অধ্যক্ষের কক্ষের জন্য ফার্নিচার ক্রয় ও ডেকোরেশন, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে এবং কলেজের মালামাল বাসায় ব্যবহার, করছেন। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, কর্মচারীদের চাকরি খাওয়ার হুমকি, নিয়মবহির্ভূতভাবে বিজ্ঞান ভবনে অধ্যক্ষের কার্যালয় স্থাপন, ভারপ্রাপ্ত হয়ে নেমপ্লেট ও চিঠিতে অধ্যক্ষ লেখা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। যুগান্তরের দুই মাসের অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। জানা যায়, প্রফেসর তোফাজ্জল আলী গত ৩ মে এই কলেজে উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেন। সেদিন তৎকালীন অধ্যক্ষ ড. আবু ইউসুফ মো. শেরুজ্জামান বদলি হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতিতে বেপরোয় হয়ে ওঠেন অধ্যক্ষ তোফাজ্জল। সরেজমিন প্রতিবেদক সোমবার সকাল ৯টা ১০ মিনিটে অধ্যক্ষের বাসভবনে দেখতে পান আয়া জাহানারা বেগম জানু টেবিলে নাশতা নিয়ে অধ্যক্ষের জন্য অপেক্ষা করছেন। অধ্যক্ষ কোথায়-জানতে চাইলে জাহানারা বলেন, স্যার ওয়াশরুমে। কিছুক্ষণ পর অধ্যক্ষ ওয়াশরুমে থেকে বেরিয়ে প্রতিবেদককে বলেন, ‘অফিসে গিয়ে বসেন, আমি আসতেছি।’ এ সময় অধ্যক্ষের বাসায় প্রতিবেদক বিজ্ঞান ভবনের ফ্রিজ ও বুক সেলফ দেখতে পান। সূত্র জানায়, বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি ও ওয়াইফাই বিল কলেজ ফান্ড থেকে পরিশোধ করা হয়। এমনকি তার খাবারের বাজারও কলেজ ফান্ডের টাকা দিয়ে কেনার অভিযোগ রয়েছে। গত ১৪ মে শাওন স্পোর্টস নামে একটি দোকান থেকে ৫০ হাজার টাকার ক্রীড়া সামগ্রী কেনা হয়েছে। প্রতিবেদক মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে শাওন স্পোর্টসে গেলে প্রোপ্রাইটর শেখর রায় বলেন, ‘এই তারিখে অথবা এ বছর মহিলা কলেজে আমার দোকান থেকে কোনো মালামাল সরবরাহ করা হয়নি। এটা ভুয়া বিল। নিয়মবহির্ভূতভাবে এম সাইফুর রহমান বিজ্ঞান ভবনে তিনি অধ্যক্ষের কার্যালয় সাজিয়েছেন বিলাসবহুলভাবে। কলেজ ফান্ড থেকে সাত লাখ টাকা ব্যয়ে ডেকোরেশন ও চার লাখ টাকার ফার্নিচার কিনেছেন। এখানেও তিনি সাগর চুরি করেছেন বলে সূত্র বলছে। কলেজের গাড়ি নিয়েও একাধিকবার ব্রাক্ষণবাড়িয়ায় নিজের বাড়িতে গিয়েছেন। এছাড়া সিলেট, শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে ও ব্যক্তিগত কাজে নিয়মিত সরকারি গাড়ি ব্যবহার করেন তিনি। গবেষণাগারের সরঞ্জামাদি সাথী সাইন্টিফিক স্টোর নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ ২৫ হাজার ৭৭৫ টাকায় কিনেছেন বলে বিল পরিশোধ করলেও এক টাকার মালও কলেজে দেওয়া হয়নি। ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় ৩৩৩ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকার জায়গায় ৪০০ টাকা করে নেওয়া হয়েছে। জানা যায়, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে যোগদানের আগে প্রফেসর মো. তোফাজ্জল আলী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সেখানে থাকা অবস্থায় ২০২৪ সালে আ.লীগ ঘরানার প্যানেল থেকে সিলেট বিভাগের সহসভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। ফ্যাসিস্টদের সঙ্গে নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রমাণাদিও রয়েছে প্রতিবেদকের কাছে। বিগত বার্ষিক মিলাদের দাওয়াত চিঠিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েও ‘অধ্যক্ষ’ ব্যবহার করেছেন এবং অধ্যক্ষের কার্যালয়ের নেমপ্লেটে অধ্যক্ষ লেখা রয়েছে। এ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে। অধ্যক্ষের এমন অনিয়ম ও দুর্নীতিতে ভেঙে পড়েছে কলেজের পাঠদানও। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. তোফাজ্জল আলী বলেন, ‘সরকারি নির্দেশনা ছাড়া এভাবে অধ্যক্ষের বাসভবনে থাকা ঠিক হয়নি। তবে বিগত তিন মাসের ভাড়া সরকারি কোষাগারে জমা দেব।’ সরকারি মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিজে সুস্থ না থাকলে কলেজ চালাব কীভাবে? এজন্য এগুলো ব্যবহার করছি।’ তবে আ.লীগ প্যানেলের সঙ্গে নির্বাচনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
