অসাধু জেলেদের সঙ্গে পাহারাদারদের আঁতাত
চরফ্যাশনে নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে জাটকা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইলিশের পোনা ও জাটকা নিধন বন্ধে ১ নভেম্বর থেকে চলছে অভিযান। চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। আর এরই মধ্যে চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে নিধন করা হচ্ছে কোটি কোটি ইলিশের পোনা ও জাটকা। অভিযোগ উঠেছে, নদীতে পোনা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত একশ্রেণির অসাধু পাহারাদারকে ম্যানেজ করে এবং প্রশাসনের দৃশ্যমান অভিযানের অভাবে অবাধে চলছে এ পোনা নিধন। শুধু নিধনই নয়, প্রশাসনের নাকের ডগায় চরফ্যাশন পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব নদীতে নিষিদ্ধ জালে প্রতিদিন ইলিশসহ বিভিন্ন মাছের যে পরিমাণ পোনা মাছ নিধন হচ্ছে তাতে আগামী মৌসুমে ইলিশ মাছ আহরণে চরম সংকট দেখা দেবে। নদীতে ছোট ফাঁস জালের অবাধ ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন, বংশ বিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। মৎস্য আইনে মাছের পোনা সংরক্ষণে সোয়া চার ইঞ্চির কম ফাঁস জাল ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অথচ এ নদীগুলোতে জেলেরা আধা ইঞ্চির কম থেকে পৌনে এক ইঞ্চি ফাঁস জাল ব্যবহার করে ছোট মাছ নিধন করছে। চরফ্যাশন সদর ইউনিয়নের চরমাদ্রাজ গ্রামের জাকির হোসেন জানান, নদীতে দেওয়া সরকারি পাহারাদারদের ম্যানেজ করে চোখের সামনেই প্রতিদিন বাঁধাজাল, সাইনজাল, বেহুন্দি জাল ও কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তিন শতাধিক নৌকায় প্রতিদিন এসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এসব সূক্ষ্ম ফাঁসের জালে ইলিশের পোনার পাশাপাশি পোয়া, তপসি, টেংরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা আটকা পড়ে মারা যাচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশ কর্মীদের অভিযোগ, নদীতে পোনা রক্ষার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের তদারকির অভাব এবং যোগসাজশের কারণেই জেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলায় নিয়মিত ও দৃশ্যমান কোনো ভ্রাম্যমাণ আদালত বা অভিযান না থাকায় হাটবাজারগুলোতেও প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। অবিলম্বে এ সিন্ডিকেট ভেঙে না দিলে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘নদীতে অবৈধ জাল ও জাটকা নিধন বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে জনবল ও নৌযান সংকটের কারণে বিশাল এ নদীপথের সব জায়গায় একসঙ্গে নজরদারি করা কঠিন হয়ে পড়ে। দায়িত্বপ্রাপ্ত কারও বিরুদ্ধে অসাধু জেলেদের সঙ্গে আঁতাতের প্রমাণ পাওয়া গেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
