Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বেপরোয়া ঘুসবাণিজ্য

Icon

লিয়াকত হোসেন লিংকন, কাশিয়ানী (গোপালগঞ্জ)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঘুস ছাড়া কোনো কাজ করেন না কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার। তার বিরুদ্ধে ব্যাপক ঘুস-বাণিজ্য, শিক্ষক হয়রানিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষকদের ফাইল আটকে ঘুস নেন তিনি। তার কাছে জিম্মি হয়ে পড়েছে উপজেলার ১৭১টি স্কুলের সহস্রাধিক শিক্ষক। চাকরি ও প্রশাসনিক হয়রানির ভয়ে কোনো শিক্ষক মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলেই তাকে শোকজের মুখে পড়তে হয়। যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শিক্ষা কর্মকর্তার এসব নানা অনিয়ম-দুর্নীতির তথ্য। শিক্ষকদের অভিযোগ, বেতন পুনর্নির্ধারণী (পে-ফিক্সেশন), উচ্চতর গ্রেড অনুমোদন, বেতন-ভাতা নির্ধারণ ও সমতাকরণ, টাইম স্কেল, পিআরএল, পেনশন, বিদ্যালয়ের বরাদ্দ, চিকিৎসা অনুদানের আবেদনে স্বাক্ষর, চিকিৎসা ছুটি, বদলি ও জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) থেকে ঋণ নেওয়াসহ সবক্ষেত্রেই তাকে ঘুস দিতে হয়। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে ফাইল আটকে দিনের পর দিন ঘোরান তিনি। এতে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে শিক্ষা কর্মকর্তার শাস্তির মুখে পড়ার ভয়ে কেউ নাম প্রকাশ করতে চান না। তার এ ঘুস-বাণিজ্যের সহযোগী হিসাবে কাজ করেন কয়েকজন শিক্ষক নেতা। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৪৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এসব শিক্ষকের নবম পে-স্কেল অনুযায়ী ফিক্সেশন ফরম পূরণের জন্য জনপ্রতি ৩০০ টাকা চাঁদা তোলার নির্দেশ দেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি জিহাদুল ইসলাম। ১৩ অক্টোবর নিজ বিদ্যালয়ে আয়োজিত সভায় এ নির্দেশ দেন তিনি। নির্দেশনা অনুযায়ী ৩০০ করে টাকা জমা দেন শিক্ষকরা। এসব টাকা আদায়ের দায়িত্বে ছিলেন শিক্ষক অসিম সাহা, ইব্রাহিম, পলাশ, লাবণীসহ বেশ কয়েকজন শিক্ষক। অসিম সাহা ২৩ জন শিক্ষকের টাকা আদায়ের কথা স্বীকার করেছেন। অনলাইনে নিজের ফরম নিজে পূরণ করার নিয়ম থাকলেও শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতারা যোগসাজশ করে এ টাকা আদায় করেছেন। একাধিক শিক্ষক জানিয়েছেন, তারা নিজেরাই অনলাইনে পে-স্কেল ফিক্সেশনের কাজ সম্পন্ন করেছেন। এরপরও তাদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। এ অর্থের একটি অংশ উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বাকি অংশের ভাগ নিচ্ছেন শিক্ষক নেতা জিহাদুল ইসলাম ও তার সহযোগীরা। শুধু পে-স্কেল ফিক্সেশন নয়, বেতন সমতাকরণ ও উচ্চতর গ্রেড অনুমোদনেও শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন সমতাকরণের জন্য ৩৬ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি তিন হাজার থেকে সতি হাজার করে টাকা নিয়েছেন। এছাড়া চলতি অর্থবছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড অনুমোদনের জন্য ২৩ জন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে, প্রতিস্থাপন ছাড়াই নিয়মবহিভূর্তভাবে উপজেলার রাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ হোসেনকে নিজামকান্দি, সাতবাড়িয়ার শিক্ষক তন্বী আক্তার ও হীরা খানমকে ছোটখারকান্দি এবং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পদায়ন করেছেন। এসব পদায়নে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুস লেনদেনের অভিযোগ রয়েছে। উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা উপকরণ কেনার জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো উপকরণ কেনা হয়নি। টাকা উত্তোলন করে নিয়েছেন শিক্ষা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক যুগান্তরকে জানান, ‘শিক্ষা কর্মকতা উত্তম কুমার নিজেকে সাবেক বিএনপি-ছাত্রদল নেতা পরিচয় দেন এবং তার স্ত্রী জয়ন্ত্রী রুপা রায় ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) বলে তার ক্ষমতার দাপট দেখান। শিক্ষকরা মুখ খুললেই তাদের দফায় দফায় শোকজ করা হয়।’ শিক্ষক নেতা জিহাদুল ইসলাম বলেন, ‘টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল। পরে সেটা বাদ দেওয়া হয়েছে।’ তবে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়, মিথ্যা ও ভিত্তিহীন।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বেপরোয়া ঘুসবাণিজ্য

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বেপরোয়া ঘুসবাণিজ্য

ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌযান চলাচল বন্ধ সেন্টমার্টিনে পর্যটকদের থেকে খাদ্যের গলাকাটা দাম আদায়

সেন্টমার্টিনে পর্যটকদের থেকে খাদ্যের গলাকাটা দাম আদায়

ফটিকছড়ির নাজিরহাট পৌর ভূমি কার্যালয় ঘুস দিলেই মেলে সব

ঘুস দিলেই মেলে সব

অসাধু জেলেদের সঙ্গে পাহারাদারদের আঁতাত চরফ্যাশনে নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে জাটকা

চরফ্যাশনে নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে জাটকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম