ফটিকছড়ির নাজিরহাট পৌর ভূমি কার্যালয়
ঘুস দিলেই মেলে সব
লেখা ‘দুর্নীতিমুক্ত’ আদতে ‘দুর্নীতিযুক্ত’ * টাকা দিলে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দেওয়ালে ডিজিটাল প্লেক্সে পরিষ্কার লেখা আমরা দুর্নীতিমুক্ত, আদতে প্রধান কার্যালয় এবং ছয়টি ইউনিয়ন ও পৌর ভূমি কার্যালয় দুর্নীতিযুক্ত। কিছুতেই এখান থেকে দুর্নীতির ভূত তাড়ানো যাচ্ছে না। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকারি নানা উদ্যোগের মধ্যেই প্রকাশ্যে চলছে ঘুস-দুর্নীতি-অনিয়মের রামরাজত্ব। নামজারি, খাজনা, জরিপ, মাঠ পর্চা ও রেকর্ড সংশোধনের মতো সাধারণ সেবা পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। অথচ নির্দিষ্ট অঙ্কের ঘুস দিলেই মিলছে সব কিছুর সমাধান। এমন অভিযোগ উঠেছে নাজিরহাট পৌর ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন স্থানীয়রা। অভিযোগে বলা হয়, এখানে ঘুস, অনিয়ম ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। আর এসব কর্মকাণ্ডের জন্য নাজিরহাট পৌর ভূমি সহকারী কর্মকর্তা ইয়াহিয়া চৌধুরীকে বদলি জরুরি হয়ে পড়েছে। ওই কর্মকর্তার দাম্ভিক আচরণে সেবাপ্রার্থীদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ন্যূনতম ১০-২০ হাজার টাকা ছাড়া কোনো জমির খারিজ করেন না তিনি। আর কাগজপত্রে ত্রুটি থাকলে তিনি ৪-৫ গুণ টাকা আদায় করেন। অথচ ভূমির খারিজের সরকারি ফি ১ হাজার ১৫০ টাকা। চূড়ান্ত বিএস খতিয়ান আসার পরও দাগে সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন তিনি। টাকা ছাড়া কোনো কাজ মেলে না। বরং কাগজপত্র নিজ জিম্মায় রেখে দেন। হাজার টাকার খাজনার চেকের জন্য তিনি হাজার টাকা ঘুসও দাবি করেন। ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকলেও তিনি সমন্বয়ের কথা বলে ঘুস দাবি করেন। ভিপি জমির নামজারির জন্য তাকে বিপুল অর্থ দিতে হয়। দিলীপ ঘোষ নামে এক সেবাপ্রার্থী বলেন, ‘জমি খারিজের জন্য ওই কর্মকর্তা ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে খারিজ হবে না বলে জানান। তিনি আমার খারিজের সব কাগজপত্র নিজ জিম্মায় নেন।’ সেবাপ্রার্থীদের অভিযোগ, এখানে একশ্রেণির অসাধু কর্মচারী ও দালাল চক্র মিলে এমন এক অঘোষিত সিন্ডিকেট গড়ে তুলেছে, যেখানে নিয়মের চেয়ে ‘লেনদেনই বড় হয়ে উঠেছে। ফলে জমির বৈধ মালিকরাও নিজেদের জমির রেকর্ড, নামজারি কিংবা খাজনাসংক্রান্ত কাজে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে পড়ছেন। ভুক্তভোগী অনেকে জানিয়েছেন, আরএস, বিএস খতিয়ান, দলিল, নামজারি ও কর রসিদ ঠিক থাকার পরও কাগজকে ‘অসম্পূর্ণ’ বা ‘ভুল’ বলে হয়রানি করা হয়। অথচ মোটা অঙ্কের অর্থ দিলেই একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করার নজিরও আছে। অভিযুক্ত পৌর ভূমি সহকারী কর্মকর্তা ইয়াহিয়া চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তা দেখেও তিনি সাড়া দেননি। ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
