ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌযান চলাচল বন্ধ
সেন্টমার্টিনে পর্যটকদের থেকে খাদ্যের গলাকাটা দাম আদায়
২০ টাকার ডিম ৫০ টাকা, হোটেল ভাড়াও কয়েকগুণ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ২০ টাকার ডিম ৫০ টাকায় কিনতে হয়েছে তাদের। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে কিংবা অর্ধেক ভাড়ায় থাকার নির্দেশনা দেওয়া হলেও অনেক হোটেল তা মানেনি। তবে আবহাওয়া অনুকূলে আসায় রোববার থেকে বড় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। জানা গেছে, সাগর উত্তাল হয়ে ওঠায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি হলে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। শনিবার আবহাওয়া কিছুটা অনুকূলে এলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। ফিরে আসা পর্যটকরা জানান, জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর দ্বীপের অনেক হোটেল ও খাবারের দোকানে অস্বাভাবিক দাম বাড়িয়ে দেওয়া হয়। ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকায় আবাসন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় কারও কারও সঙ্গে থাকা টাকাও শেষ হয়ে যায়। আটকেপড়াদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩০ শিক্ষার্থী, পাঁচ শিক্ষক ও তিন কর্মকর্তাসহ ৩৮ জন। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় তাদের শিক্ষা সফরের (কোর্স ট্যুর) বাজেটে টান পড়ে। ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তারা শনিবার ট্রলারে ফেরেননি। গোবিপ্রবির প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে তাদের জানানো হয় বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ বন্ধ রাখার খবর দেওয়া হলে তারা বিপাকে পড়েন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক-শিক্ষার্থীও দ্বীপে আটকা পড়েন। তাদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় এবং দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সময় আটকে থাকায় এসব দলের খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে আসে। এদিকে শনিবার পর্যন্ত দ্বীপে আট শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তাদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে অনেক প্রতিষ্ঠান সে নির্দেশনা মানেনি বলে অভিযোগ করেন পর্যটকরা। রোববার থেকে বড় জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে থাকা বাকি পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। টেকনাফ ইউএনও এসএম অনীক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসন কাজ করছে। হোটেল-রিসোর্ট মালিকদের বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। পর্যটকদের কাছ থেকে খাবার, হোটেল ভাড়া বা অন্য কোনো সেবার ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রস্তুত রয়েছেন। কোনো পর্যটক হয়রানির শিকার হলে ফোনে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।
