অসময়ে নদীভাঙন
ইসলামপুরে জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বামতীরে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসতভিটা ও শত শত বিঘা ফসলি নদীগর্ভে বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। এছাড়াও ভাঙনের হুমকিতে রয়েছে বাজার, ঘর-বাড়ি, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়রা জানান, এলাকার কিছু প্রভাবশালী বালিখেকোদের অবৈধভাবে বালি উত্তোলন ও অপরিকল্পিতভাবে নদী খননের কারণে পূর্বে জেগে উঠা চরের মাঝ দিয়ে দুই ভাগে দুটি শাখা নদী প্রবাহিত হয়। এর ফলে উপজেলার সাপধুরি ইউনিয়নে মণ্ডল পাড়া, আকন্দ পাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া ও প্রজাপতি, বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলি এলাকার পশ্চিমাংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জবায়ের বলেন, সাপধরী ইউনিয়নের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণে জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি। এসব বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, যমুনা চরে নদীর ভাঙন রোধে পদক্ষেপ নিতে সমীক্ষা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় সংসদ-সদস্য সুলতান মাহমুদ বাবু জানান, আমার উপজেলায় নদী শাসনের কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নদীভাঙন রোধে কাজ শুরু হবে।
