Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা

Icon

শাহরিয়ার আলম সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দশ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর জাল করে টাকা তোলা হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে। আর এ অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

জানা গেছে, জুন মাসে যোগদান করেন ডা. আমানউল্লাহ আল মামুন। ২০২৫-২০২৬ অর্থবছরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতওয়ারি বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে এ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ এক লাখ ৮০ হাজার টাকা, অন্যান্য মনিহারি বাবদ এক লাখ ১০ হাজার, স্ট্যাম্প ও সিল বাবদ ২২ হাজার, অফিস সরঞ্জাম বাবদ ১৩ হাজার, সেপটিক ট্যাংক পরিষ্কার বাবদ ৩০ হাজার, আসবাবপত্র মেরামত বাবদ ৩০ হাজার, আসবাবপত্র ক্রয় বাবদ ৫৫ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪৫ হাজার, পরিষ্কার সামগ্রী বাবদ আট হাজার এবং অন্যান্য মনিহারি বাবদ ৫০ হাজার টাকা ব্যয় দেখান। এর মধ্যে সন্তোষ কুমার নামে এক পরিচ্ছন্নতা কর্মীর স্বাক্ষর জাল করে ৩০ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। তার এসব কাজে সহযোগিতা করেন পরিসংখ্যানবিদ মাইনুর রহমান। তিনি পরিসংখ্যানবিদ হয়ে হিসাবরক্ষকের কাজ করেন। পরিসংখ্যানবিদ মাইনুর প্রায় ১২ বছর ধরে একই কর্মস্থলে আছেন। এর আগে তার বিরুদ্ধে যুগান্তরে ‘ব্যাংকে দুই কোটি টাকার বেশি লেনদেন কর্মচারীর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরও তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল তবিয়তে রয়েছেন। ১৫ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন দুদক ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা। দুদকের সহকারী পরিচালক খালিদ মাহামুদের নেতৃত্বে অভিযান চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। অভিযানে হিসাবরক্ষক হিসাবে আব্দুল আজিজ থাকলেও তাকে কোনো কাজ না দিয়ে পরিসংখ্যানবিদ মাইনুর রহমানকে দিয়ে হিসাবরক্ষকের কাজ করানোর তথ্য পায় দুদক। এ ঘটনায় হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে একটি লিখিত নিয়েছে দুদক। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী নামে ভুয়া বিল-ভাউচার করে প্রায় ৩০ হাজার টাকা আত্মসাতেরও সত্যতা পেয়েছে। সরকারি ওষুধ সঠিকভাবে রোগীরা পাচ্ছেন কিনা, সে বিষয়েও তারা বিভিন্ন রেকর্ড সংগ্রহ ও রোগীদের সঙ্গে কথা বলেছেন। রোগীদের খাবারে রোববার দুপুরে রুই মাছ দেওয়ার কথা থাকলেও সেখানে অন্য মাছের উপস্থিতি পেয়েছে বলে জানা গেছে। ৬ সেপ্টেম্বর কালীগঞ্জের বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়। এর পর দিন উপজেলা প্রশাসন সে ক্লিনিকটি সিলগালা করে দেয়। সিলগালা করার ২১ দিন পর প্রায় তিন লাখ টাকার বিনিময়ে ক্লিনিকটি খুলে দেওয়ায় প্রধান ভূমিকা পালন করেন ডা. আমানুল্লাহ আল মামুন। এদিকে ২০২২ সালের ১৩ জুন বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সেখানকার সাধারণ মানুষ আমানুল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করেন। সে বিক্ষোভে অংশ নেন ওই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় কর্মজীবী একাধিক মাঠকর্মী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ডজনখানেক লিখিত অভিযোগ দেন। এছাড়া সব ধরনের বিল-ভাউচারে তাকে ৩৫ থেকে ৫০ ভাগ টাকা ঘুস হিসাবে না দিলে তিনি স্বাক্ষর করেন না। এমন অর্ধশতাধিক অভিযোগ তুলে সবাই মিলে বিক্ষোভ মিছিলও করেন। তিনি এর আগে ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। সেখানে বিভিন্ন অনিয়মের কারণে তাকে আবার পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বদলি করা হয়। তবে এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিললেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আলম মামুনের ফোনে কল দিলে তিনি সাড়া দেননি। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘যেসব অনিয়মের অভিযোগ দুদক পেয়েছে সেগুলো রিপোর্ট আকারে দিলে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় পাঠাব। এসব অনিয়ম-দুর্নীতির জন্য দায়ী স্বাস্থ্য কর্মকর্তাসহ পরিসংখ্যানবিদ। কোনোভাবেই স্বাস্থ্য বিভাগ এমন অনিয়ম-দুর্নীতি মেনে নেবে না।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা

অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা

ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ

ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ

আমতলীতে ঘুস নেওয়ার সময় উপসহকারী প্রকৌশলী আটক

আমতলীতে ঘুস নেওয়ার সময় উপসহকারী প্রকৌশলী আটক

অসময়ে নদীভাঙন ইসলামপুরে জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক

ইসলামপুরে জমি হারিয়ে দিশেহারা এলাকার কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম