ফ্যামিলি কার্ডের নামে টাকা আত্মসাৎ
পিরোজপুর ও কাউখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির ৩ সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। আটকরা হলেন, আসপদ্দি গ্রামের একই পরিবারের সদস্য আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগ জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে এই ৩ জনকে আটক করেন। পরে তাদের কাউখালী থানায় সোপর্দ করা হয়। প্রতারকচক্রের মূলহোতা হিসাবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে, যিনি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দিতেন। সে পালিয়ে গেছে বলে জানা গেছে। জানা যায়, শাকিল অসহায় মানুষের কাছে সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ২ মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে তারা আত্মগোপনে চলে যায়। চক্রের প্রধান সহযোগী হিসাবে অভিযুক্ত ফাহিমা একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারণার শিকার নারী-পুরুষরা কাউখালী থানায় ভিড় করেন। তাদের মধ্যে অর্ধশতাধিক নারীও ছিলেন। অনেকে টাকা হারানোর কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী এবং শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে। থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী- ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করে ৩ জনকে আটক করেন। উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির বলেন, ‘এই চক্রকে মূলহোতা পালিয়ে গেছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এদিকে বিপুলসংখ্যক ভুক্তভোগীর থানায় উপস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার রাতে কাউখালী থানায় যান। তিনি ওসিকে ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
