আমতলীতে ঘুস নেওয়ার সময় উপসহকারী প্রকৌশলী আটক
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল মিয়াকে ১ লাখ টাকা ঘুসসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, পৌরসভার চলমান একটি প্রকল্পের ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঘুসের ১ লাখ টাকা নেওয়ার সময় রুবেল মিয়াকে হাতেনাতে ধরা হয় এবং তার পকেট থেকে ওই টাকা জব্দ করা হয়। দুদক কর্মকর্তা জানান, শুধু এই ঠিকাদারই নন, পৌরসভার প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকেই ঘুস নিতেন রুবেল। তিনি আরও জানান, আটক রুবলকে আপাতত আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাকে ঘুস গ্রহণের অভিযোগে আদালতে পাঠানো হবে। ওসি ইয়াকুব হোসাইন বলেন, দুদকের এক অভিযানে পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেলকে নগদ ১ লাখ টাকাসহ আটক করে। পরে রুবেলকে থানায় সোপর্দ করা হয়। বর্তমানে রুবেল আমাদের হেফাজতে আছেন। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি।
