সাদুল্লাপুর লোহাগড়া সিংড়ায় ৩ লাশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাদুল্লাপুরে হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া লোহাগড়ায় বৃদ্ধা ও সিংড়ায় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : গাইবান্ধার সাদুল্লাপুরে শিহাব মিয়া (১৬) নামে এক হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামে বাগানের আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিহাব ওই গ্রামের সৈয়দ ও জেসমিন দম্পতির ছেলে। গলায় লাল ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশটি পাওয়া গেছে। ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে গোসলে গিয়ে নিখোঁজের পাঁচদিন পর বৃদ্ধা খোদেজা বেগমের (৮২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার নবগঙ্গা নদীর খলিসাখালি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম লোহাগড়ার গোপিনাথপুর গ্রামের মৃত আক্কাস মালির স্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার পৌরসভার সিএন্ডবি ব্রিজের পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন খোদেজা বেগম। মঙ্গলবার খলিসাখালি এলাকায় নবগঙ্গা নদীতে তার লাশ দেখতে পান এলাকাবাসী। ওসি মো. শরিফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। নাটোরের সিংড়ায় ববিতা খাতুন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার শুকাস ইউনিয়নের ছিলামপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ববিতা ছিলামপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
