মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স
স্বাস্থ্য কর্মকর্তার ঘুস বাণিজ্য, দুর্নীতি
পলাশ রহমান, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে একের পর এক অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা। বত্রিশ বছর চাকরি জীবনের প্রায় পুরো সময় মহেশপুরে কাটানো অফিস সহকারী লুৎফর রহমানের যোগসাজশে এসব অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি। আউটসোর্সিং কর্মচারীদের চাকরি পুনর্বহালে ঘুস, লাখ টাকা নিয়ে চাকরি পুনর্বহাল না করা, কর্মচারীদের বকেয়া বেতন পাইয়ে দিতে ১৫ হাজার টাকা করে আদায়ের পর এবার ৯ কর্মচারীর পরিবর্তে ১০ জনের নামে অতিরিক্ত বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে এক লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। বিষয় জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলানা আক্তার নিপার ব্যক্তিগত সহকারী হাসিনা খাতুনকে আউটসোসিং কর্মচারী বলে দাবি করা হয়েছে। মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব নেওয়ার আগে থেকে হাসিনা খাতুন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে হেলানা আক্তারের সহকারী ছিলেন। এদিকে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় পুনর্বহালের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না বলে অভিযাগ শাকিল আহম্মেদ নামে এক কর্মচারীর। জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে প্রথমে ১০ কর্মচারীর নিয়োগ হলেও বর্তমানে নয়জন কাজ করছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন হেলেনা আক্তার নিপা। এর প্রায় দুই মাস পর ব্যক্তিগত সহকারী হিসাবে হাসিনা খাতুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে নিয়োগ দেন নিয়মবহির্ভূতভাবে। আউটসোর্সিং কর্মচারী শাকিল বলেন, আমি ওই হাসপাতালে প্রায় পাঁচ বছর ধরে কাজ করছি। ম্যাডাম যোগদানের দুই মাস পর থেকে ব্যক্তিগত সহকারী হিসাবে হাসিনা খাতুন হাসপাতালে যাতায়াত করছেন। হাসিনা খাতুন আউটসোর্সিংয়ের কেউ নন। আমরা নয়জন আউটসোর্সিংয়ে কাজ করছি। কিন্তু নয়জনের পরিবর্তে দশজনের বেতন উত্তোলন করা হয়েছে। টাকা ছাড়া পুনরায় নিয়োগ না হওয়ায় আমি এখন পর্যন্ত নিয়োগপত্র পাইনি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলানা আক্তার নিপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন, সাংবাদিককে অফিসে আসতে বলে কল কেটে দেন।
