দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়ন
কৃষকের বরাদ্দের অর্থ সচিবের পকেটে
স্বাক্ষর জাল করে ৫৯ লাখ টাকা আত্মসাৎ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগের মধ্যে রয়েছে-বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন সহায়তা তহবিল থেকেও ৩২ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা। এ ঘটনায় ২৪ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান লিখিত অভিযোগ করেন। পরে রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওড় ও নিুাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসাবে প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে মোট ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাবে এ টাকা জমা হয়। আগে থেকে থাকা ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল।
পরবর্তিতে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে ইউনিয়ন পরিষদের সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন ধার্য করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে ২৪ নভেম্বর প্রশাসক নিজেই সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় যান। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা যৌথ হিসাবে মাত্র দুই হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে। প্রশাসকের দাবি, তার স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাবে ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত স্থিতি ছিল ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ মার্চ আট লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও এক লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা থাকার কথা। প্রশাসকের অভিযোগ, ওই হিসাব থেকেও তার স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন তারিখে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২নং আসামি মো. উসমান গনি এবং ৩নং আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন। এসব লেনদেনে অন্যরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন-মো. রুয়েলুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ, মো. উসমান গনি, রিপন কর্মকার, রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ, উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার, রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার, রবিন তালুকদার এবং রাকিব তালুকদার। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
