সৈয়দপুর প্রাণিসম্পদ হাসপাতাল
চিকিৎসক থাকেন না সেবা দেন প্রহরী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক না থাকায় প্রায়ই নৈশপ্রহরী পশুর চিকিৎসাসেবা দিচ্ছেন। এর ফলে পশুর সেবা নিতে আসা মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে সব জানার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নিচ্ছেন না। এর ফলে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়রা জানান, দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ অন্য কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। এ কারণে নৈশপ্রহরী নিজেই পশুর চিকিৎসাসেবা দিচ্ছেন এবং প্রায় সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। উপজেলার খামারিরা বলেন, গরু অথবা খাসি ও ভেড়ার খামার গড়ে তুলতে আমাদের প্রচুর অর্থ ও শ্রম ব্যয় হয়। কিন্তু যখন রোগে আক্রান্ত পশুর ওষুধের দরকার হয় তখন প্রাণিসম্পদ অফিস থেকে টিকা ছাড়া তেমন কোনো ভালো মানের ওষুধ পাওয়া যায় না।। পশু নিয়ে প্রাণিসম্পদ অফিসে গেলে তাদের সহজে দেখতে চান না, বরং নানাভাবে হয়রানি করা হয়। চিকিৎসকরা কোনো খামার পরিদর্শন করলে প্রতিবার ভিজিট বাবদ ৬০০-১৫০০ টাকা পর্যন্ত নেন বলে অভিযোগ করেন তারা। স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম নিয়মিত অফিস না করে শহরের একটি ফার্মেসিতে বসে একেকটি পশু দেখতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত ভিজিট নেন। সরেজমিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু-ছাগল ও পোষা প্রাণী নিয়ে অনেক মানুষ ভিড় জমিয়েছেন। প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় দায়িত্বে থাকা নৈশপ্রহরী শেখ মামুন নিজেই পশুর প্রাথমিক ও জরুরি চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০০-৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন। নৈশপ্রহরী শেখ মামুন বলেন, দীর্ঘদিন ধরে ডাক্তারের কাজ করতে গিয়ে পশুর সব চিকিৎসা শিখেছি। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো ডাক্তার নই। এগুলো আমার কাজও না। আমার কাছে চিকিৎসা করাতে গেলে কিছু তো দিতেই হবে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম বলেন, আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, রাতে আমি একটি ফার্মেসিতে নিয়মিত রোগী দেখি ঠিকই, কিন্তু কাউকে ব্যক্তিগত চেম্বারে রোগী নিয়ে আসতে বাধ্য করি না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, উপজেলায় কোনো সভা বা দাপ্তরিক কাজ থাকলে অফিসে না এসে সরাসরি সেখানে চলে যাই। এ কারণে মাঝেমধ্যে চিকিৎসাসেবা দিতে সমস্যা হয়।
