ভূঞাপুরে মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা কমান্ডারের
সাড়ে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভূঞাপুরে মুক্তিযোদ্ধা বানানোর নামে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং লতিফ খান নামে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করার অভিযোগ উঠেছে সাবেক কমান্ডারের বিরুদ্ধে। মহান মুক্তিযুদ্ধে কখনো অংশ নেননি তবুও মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট বা সনদপত্র তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক দফায় সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ আব্দুল মজিদ মিঞা। সম্প্রতি এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহানারা আজিজ নামে এক নারী। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের সেনাসদস্য মৃত আব্দুল আজিজের স্ত্রী। থানার ওসি একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। জাহানারা আজিজের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে তার স্বামী মহান মুক্তিযুদ্ধে কখনো অংশগ্রহণ করেননি। মুক্তিযোদ্ধা মজিদ মিঞা তার স্বামীকে মুক্তিযোদ্ধা বানিয়ে সনদপত্র তৈরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন দফায় ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই টাকা অপর বীর মুক্তিযোদ্ধা ইসহাক মির্জাকে সঙ্গে নিয়ে মজিদ মিঞার কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে বারবার তার কাছে সনদ অথবা প্রদানকৃত টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি সনদ দিচ্ছেন না এবং টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানাচ্ছেন। একপর্যায়ে তার স্বামী ঋণের চাপে দিশেহারা হয়ে মৃত্যুবরণ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ আব্দুল মজিদ মিঞা বলেন, ‘লতিফ খান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নন। আমি উপজেলা কমান্ডার থাকাকালীন তার ভাতা বন্ধ করে দিই। এছাড়া ইসহাক মির্জা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও ভুয়া মুক্তিযোদ্ধা হতে চেষ্টা করেছেন। আমি তা হতে দিইনি। তাই লতিফ খান ও ইসহাক মির্জা ষড়যন্ত্র করে জাহানারা আজিজকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমি কারও কাছ থেকে টাকা নিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে ষড়যন্ত্র করা হচ্ছে।’
