Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাসিরনগর প্রাথমিক শিক্ষা অফিস

ঘুস-বাণিজ্যের আখড়া

Icon

মো. ফজলে রাব্বি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যেন পরিণত হয়েছে ঘুস-বাণিজ্যের আখড়ায়। চাকরি স্থায়ীকরণ থেকে শুরু করে পে-ফিক্সেশন, চিকিৎসা ও মাতৃত্বকালীন ছুটি, বকেয়া বিল, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত এবং বিভিন্ন উন্নয়ন বরাদ্দসহ কোনো কাজই নাকি ঘুস ছাড়া হয় না। এমনকি অর্থ দিতে ব্যর্থ হলে শিক্ষকদের বদলি ও হয়রানির হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একের পর এক অর্থ আদায়, শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। অভিযোগের পক্ষে কল রেকর্ডসহ বিভিন্ন তথ্যপ্রমাণ রয়েছে প্রতিবেদকের কাছে। শিক্ষকদের অভিযোগ, এর আগেও নাসিরনগর উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে নানা অভিযোগের মুখে দুবার বদলি হয়েছিলেন ইসহাক মিঞা। পরে ফের একই উপজেলায় ফিরে আসেন। এবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে তৃতীয়বারের মতো নাসিরনগরে যোগদানের পরও তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থামেনি। হয়েছেন আরও বেপরোয়া। নাসিরনগরের এক সহকারী শিক্ষিকাকে বিয়ে করার সুবাদে এ উপজেলা ছাড়তে সহজে রাজি নন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে ১৮ অক্টোবর শিক্ষামন্ত্রী বরাবর চার পৃষ্ঠার লিখিত অভিযোগ দিয়েছেন কালিউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা বেগম ও উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি বেগম। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা গত জুন মাসে সমন্বয় সভায় অডিট এবং অফিস খরচের কথা বলে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে জনপ্রতি দেড় হাজার টাকা করে চাঁদা ওঠানোর মাধ্যমে ঘুস গ্রহণ করেন। তার কথিত ব্যক্তিগত সহকারী (পিএস) মনির হোসেনের বেতন দিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান থেকে ১০০ টাকা করে চাঁদা নেন। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর পে-ফিক্সেশনের জন্য উপজেলার ৭৫১ জন প্রাথমিক শিক্ষক থেকে জনপ্রতি ৪০০ টাকা করে ঘুস নিয়েছেন এ শিক্ষা কর্মকর্তা। উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কাজের জন্য বরাদ্দ থেকে ১০ হাজার টাকা করে দিতে হয়েছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞাকে। শুধু তা-ই নয়, উপজেলা শিক্ষা অফিসের ভেতরে গ্লাসের তৈরি নামফলক ও শিক্ষা অফিসের নামে একটি সাইনবোর্ড তৈরির জন্য ১২৬ জন প্রধান শিক্ষকের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন। চাকরি স্থায়ীকরণের কথা বলে উপজেলার রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষক থেকে আড়াই হাজার টাকা করে ঘুস গ্রহণ করেন তিনি। সমতা বিলকরণের নামে ৪২ জন শিক্ষকের কাছ থেকে ১২ হাজার টাকা করে ঘুস গ্রহণ করেন। উপজেলার তিনটি বিদ্যালয়ের প্লেয়িং এক্সেসরিজের কাজ এলে ইসহাক মিঞা নিজেই এসব কাজ করেন, পরে বিদ্যালয় প্রধানদের কাছ থেকে চাপ দিয়ে চেকে স্বাক্ষর নিয়ে বিল তোলেন। অভিযোগ রয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের হয়রানিমূলক শোকজ করেন, পরে তার কথিত পিএস মনির হোসেনকে দিয়ে ভুক্তভোগী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের কথা বলে ঘুস গ্রহণ করেন। অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা বলেন, ‘শিক্ষিকা লুবনা বেগমের পরিবারের সবাই বিএনপির। স্কুলের ব্যবস্থাপনা কমিটিতে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে তার ভাসুরকে সভাপতি করে দিয়েছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে। এ নিয়ে বলায় তার স্বামী আমাকে চাপ দিচ্ছেন।’ কথিত পিএস দিয়ে শিক্ষকদের থেকে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এসব বিষয়ে তদন্ত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক হয়তো বিষয়টি তদন্তের জন্য কাউকে দায়িত্ব দেবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাসিরনগর প্রাথমিক শিক্ষা অফিস ঘুস-বাণিজ্যের আখড়া

ঘুস-বাণিজ্যের আখড়া

টাঙ্গাইলে শিশুকে হত্যার পর মুড়িয়ে রাখা হয় লুঙ্গিতে

টাঙ্গাইলে শিশুকে হত্যার পর মুড়িয়ে রাখা হয় লুঙ্গিতে

ভূঞাপুরে মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা কমান্ডারের

ভূঞাপুরে মুক্তিযোদ্ধা বানানোর নামে প্রতারণা কমান্ডারের

অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম