টাঙ্গাইলে শিশুকে হত্যার পর মুড়িয়ে রাখা হয় লুঙ্গিতে
মুলাদী রাজাপুর ও ধর্মপাশায় ৪ লাশ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলে বাড়ির পেছনে মিলল নিখোঁজ শিশুর লুঙ্গিতে মোড়ানো লাশ। তাকে হত্যার পর সেখানে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। মুলাদীতে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজাপুর ও ধর্মপাশায় অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সি শিশু আদিবা ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে হত্যার পর লুঙ্গিতে মুড়িয়ে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আদিবা ইসলাম ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে। জানা যায়, বুধবার সকালে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বরিশালের মুলাদীতে আলমগীর রাড়ী নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সফিপুর ইউনিয়নের চরপদ্মা স্কুলের হাট এলাকার আবুল সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর রাড়ী গাছুয়া ইউনিয়নের চরডুমুরীতলা গ্রামের পণ্ডিত রাড়ীর ছেলে। তিনি শ্বশুর আবুল সরদারের বাড়িতে ঘর তুলে বসবাস করতেন। অনলাইন জুয়ায় আসক্ত আলমগীর প্রায় ৩০ লাখ টাকা দেনায় পড়েছিলেন। অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় খোরশেদ হাওলাদার নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খোরশেদ সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের জয়লাল হাওলাদারের ছেলে। ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি মো. হারুন অর রশীদ হাওলাদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী বাজার থেকে বৃহস্পতিবার সকালে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসআই মোফাক্কারুল ইসলাম জানান, সকালে জয়শ্রী বাজারসংলগ্ন সড়কে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
