Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

কুমিল্লা নগরীর শাখা খাল দখলমুক্ত ও দূষণ বন্ধের দাবি

Icon

আবুল খায়ের, কুমিল্লা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লা নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ঐতিহ্যবাহী গুঙ্গাইজুড়ী খাল পুনঃখনন শুরু করেছে সিটি করপোরেশন (কুসিক)। খালের তলদেশ থেকে পলি ও আবর্জনা অপসারণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, নগরীর ভেতরের সংযোগ খালগুলো দখলমুক্ত ও দূষণমুক্ত না করলে এ উদ্যোগে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বিশেষ করে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ কান্দি খাল দখল ও অপরিকল্পিত স্থাপনায় সংকুচিত হয়ে পড়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় গোমতী নদীর শাখা হিসাবে গুঙ্গাইজুড়ী খালের উৎপত্তি। খালটি সদর দক্ষিণ উপজেলার টঙ্গীরপাড় হয়ে ডাকাতিয়া নদীতে মিশেছে। ১৯৬৩ সালে ড. আখতার হামিদ খানের উদ্যোগে শুরু হওয়া ঐতিহাসিক সোনাইছড়ি সেচ প্রকল্পের অন্যতম অংশ এই খাল। দক্ষিণ কুমিল্লার সেচব্যবস্থা ও নগরীর পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর।

দীর্ঘদিন খনন না করায় পলি জমে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে যায়। সম্প্রতি কুসিকের তত্ত্বাবধানে পুনঃখনন শুরু হয়েছে। কর্তৃপক্ষের আশা, এতে পানি ধারণক্ষমতা বাড়বে এবং বর্ষায় নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা কমবে।

তবে অনুসন্ধানে দেখা যায়, নগরীর বৃষ্টির পানি মূলত কান্দি খাল হয়ে গুঙ্গাইজুড়ী খালে পড়ে ডাকাতিয়া নদীতে যায়। একসময় ৮০ থেকে ৯৫ ফুট প্রশস্ত কান্দি খালটি দখল ও দূষণে সংকুচিত হয়ে অনেক স্থানে মাত্র ৮ থেকে ১৫ ফুটে দাঁড়িয়েছে। সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে খালের অংশবিশেষ ভরাট করা হয়েছে। পাশাপাশি অপর্যাপ্ত কালভার্ট, বহুতল ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

দূষণেও বিপর্যস্ত খাল : গুঙ্গাইজুড়ী খালের পানিদূষণও বড় সংকট। কুমিল্লা ইপিজেড থেকে সদর দক্ষিণের লালমাই ও বাগমারা পর্যন্ত খালের পানি কালো ও দুর্গন্ধযুক্ত। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগ, ইপিজেডের কারখানার রাসায়নিক বর্জ্য এবং নগরীর পয়ঃবর্জ্য খালে মিশছে। এতে ডাকাতিয়া নদীর জীববৈচিত্র্য, কৃষি ও জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে। এ দূষণের দায় নিয়ে সিটি করপোরেশন ও ইপিজেড কর্তৃপক্ষের মধ্যে পালটাপালটি অভিযোগ রয়েছে।

নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল দখলের কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর সড়ক ও অলিগলি হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। শাখা খালগুলো দখলমুক্ত না করলে গুঙ্গাইজুড়ী খননের সুফল পাওয়া যাবে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কুমিল্লা জেলা সভাপতি বদরুল হুদা জেনু বলেন, শাখা খালগুলো দখলমুক্ত করতে হবে। গুঙ্গাইজুড়ী খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদার উচ্ছেদ এবং সংযোগ খাল ও ডাকাতিয়া নদীর নাব্যতা বাড়ানো জরুরি।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে গুঙ্গাইজুড়ী খাল পুনঃখনন করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ ড্রেন পরিষ্কার ও খালের ওপর থাকা অবৈধ প্রতিবন্ধকতা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজারহাটে কৃষিকাজে অবহেলিত নারী মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

আলীকদমে ১ লাখে মিলে জাতীয় পরিচয়পত্র জাল কাগজে রোহিঙ্গা ভোটার

জাল কাগজে রোহিঙ্গা ভোটার

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম