Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাজারহাটে কৃষিকাজে অবহেলিত নারী

মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

পুরুষ পান ৭০০ নারীকে দেওয়া হয় ৩৫০ টাকা

Icon

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজারহাটে আমন ধান কাটার মৌসুমে পুরুষের পাশাপাশি মাঠে কাজ করছেন নারীরাও। ধান কাটা, মাড়াই ও ফসল ঘরে তোলার কাজে পুরুষের সঙ্গে সমানতালে শ্রম দিচ্ছেন তারা। শুধু ফসলের মাঠেই নন, সংসারের দৈনন্দিন কাজ সামলেও কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন নারীরা। অথচ সমান কাজ করেও মজুরি পাচ্ছেন পুরুষের অর্ধেক। পুরুষ শ্রমিক দৈনিক ৭০০ টাকা পেলেও নারী শ্রমিকদের দেওয়া হচ্ছে মাত্র ৩৫০ টাকা। কাজের ধরন ও শ্রমের পরিমাণে পার্থক্য না থাকলেও দীর্ঘদিন ধরে এ বৈষম্য চলে আসছে বলে অভিযোগ নারী শ্রমিকদের। রাজারহাট উপজেলার বিভিন্ন মাঠে এখন পাকা আমন ধানের সোনালি আভা। ধান ঘরে তুলতে সকাল থেকেই মাঠে নামছেন কৃষক ও শ্রমিকরা। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা। অনেক পরিবারে স্বামী-স্ত্রী ও সন্তানরা একসঙ্গে মাঠে কাজ করছেন। এতে একদিকে যেমন কৃষিকাজে নারীদের শ্রম যুক্ত হচ্ছে, অন্যদিকে পরিবারের উৎপাদন খরচও কমছে। উপজেলার কৃষক পরেশ চন্দ্র মোহন্ত ১৭০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছেন। জমিগুলো নিজের না হওয়ায় উৎপাদন খরচ কমাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজেই মাঠে কাজ করছেন। পরেশ চন্দ্র বলেন, প্রতি শতক জমির ধান কাটতে শ্রমিককে দিতে হয় ১০০ টাকা। এর সঙ্গে রয়েছে মাড়াই ও পরিবহণ খরচ। পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করায় এসব ব্যয় কিছুটা কমানো সম্ভব হচ্ছে। তার স্ত্রী রুপালী রাণী বলেন, তারা দরিদ্র পরিবারের সদস্য। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। তাই সংসারের কাজের পাশাপাশি স্বামীকে সহযোগিতা করতে মাঠে এসেছেন। এতে শ্রমিকের খরচ বাচছে, পাশাপাশি সংসারের অন্যান্য প্রয়োজন মেটাতেও কিছুটা সাশ্রয় হচ্ছে। তবে পরিবারের হয়ে কৃষিকাজে অংশ নেওয়া নারীদের বাইরে যারা মজুরির বিনিময়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে বৈষম্য আরও স্পষ্ট। একই মাঠে পুরুষের সঙ্গে কাজ করেও অর্ধেক মজুরি পাচ্ছেন নারী শ্রমিকরা। জেলার বিভিন্ন চরাঞ্চলে এমন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। চর বিদ্যানন্দ গ্রামের নারী কৃষি শ্রমিক ফরিদা বেগমের (৪৬) অভিজ্ঞতা তেমনই। তার স্বামী কবিদুল ইসলাম (৫২) দুজনই কৃষি শ্রমিক। প্রতিদিন একসঙ্গে কাজে যান, একই সময়ে কাজ শেষ করেন। কাজ ও শ্রমের পরিমাণ সমান হলেও কবিদুল দৈনিক মজুরি পান ৭০০ আর ফরিদা পান ৩৫০ টাকা। ফরিদা বেগম বলেন, ‘গ্রামে বিকল্প কোনো কাজ না থাকায় বাধ্য হয়েই কম মজুরিতে কৃষি শ্রমিক হিসাবে ফসলের খেতে কাজ করি। অর্ধেক মজুরিতে কাজ করতে না চাইলে গ্রামে কাজও পাওয়া যায় না। এমন না যে, আমি স্বামীর তুলনায় কম কাজ করি, তবুও স্বামীর মজুরি আমার চেয়ে বেশি।’ তার স্বামী কবিদুল ইসলাম বলেন, ‘গ্রামে পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের সংখ্যা বেশি। কখনো কখনো দেখা যায়, নারী শ্রমিকরা পুরুষদের তুলনায় বেশি কাজ করছেন। তবু তাদের অর্ধেক মজুরি দেওয়া হয়।’ তবে কৃষক মোখলেছুর রহমানের (৫৫) দাবি, পুরুষ শ্রমিকরা ফসল পরিবহণ করতে পারলেও নারী শ্রমিকরা তা পারেন না। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, নারীরা কৃষিকাজে যুক্ত হলে শ্রমিকের ব্যয় কমে আসে এবং কৃষক লাভবান হন। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, নারী কৃষিশ্রমিকরা বহুকাল ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজারহাটে কৃষিকাজে অবহেলিত নারী মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

মাঠে সমান শ্রম মজুরি অর্ধেক

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

গুঙ্গাইজুড়ী পুনঃখননেও মিলছে না সুফল

আলীকদমে ১ লাখে মিলে জাতীয় পরিচয়পত্র জাল কাগজে রোহিঙ্গা ভোটার

জাল কাগজে রোহিঙ্গা ভোটার

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

বুড়িচংয়ে দুই সড়কে ছোট-বড় গর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম