সাক্ষাৎকার
অমনিচ্যানেলে ব্যাংকিং সেবা এক সুতোয়
তারেক রেফাত উল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্র্যাক ব্যাংক পিএলসি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তারেক রেফাত উল্লাহ খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে প্রথমবারের মতো ব্র্যাক ব্যাংক অমনিচ্যানেল ব্যাংকিং চালু করেছে। যা ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটি কীভাবে কাজ করে, কীভাবে এর মাধ্যমে গ্রাহকসুবিধা মিলবে- এসব নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।
যুগান্তর : ব্র্যাক ব্যাংক সম্প্রতি দেশে প্রথমবারের মতো ‘অমনিচ্যানেল’ চালু করেছে। এটি কীভাবে কাজ করে এবং এর মাধ্যমে গ্রাহকরা কীভাবে উপকৃত হচ্ছে?
তারেক রেফাত উল্লাহ খান : বাংলাদেশে প্রথমবারের মতো অমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিংসহ দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্র্যাক ব্যাংকের দুই হাজারের বেশি টাচপয়েন্ট এবং ডিজিটাল ব্যাংকিংকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় আনা হয়েছে। ফলে গ্রাহকরা এখন আরও নিরবচ্ছিন্ন, ধারাবাহিক ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং সেবা পাচ্ছেন। তারা কখন, কোথায় এবং কীভাবে ব্যাংকিং করবেন, সে বিষয়ে পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারবেন।
এই ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো- যে কোনো মাধ্যমে গ্রাহকের তথ্য ও পূর্ববর্তী যোগাযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। ফলে ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকের আগের কার্যক্রম সম্পর্কে অবগত থেকে আরও দ্রুত ও যথাযথ সেবা দিতে পারেন। একই সঙ্গে অমনিচ্যানেলের মাধ্যমে গ্রাহক তার সুবিধামতো সময়ে যে কোনো চ্যানেলের মাধ্যমেই ব্র্যাক ব্যাংকের সেবা নিতে পারবেন। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস এবং ব্যাংক প্রতিনিধিদের সহায়তায় গ্রাহকের প্রয়োজন আরও ভালোভাবে বুঝে সে অনুযায়ী সেবা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
যুগান্তর : ব্র্যাক ব্যাংকের বিশেষ কোনো পণ্য বা সেবা অন্য ব্যাংকের তুলনায় কীভাবে আলাদা?
তারেক রেফাত উল্লাহ খান : ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের ব্যাংকিং খাতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। স্যার ফজলে হাসান আবেদ এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন দেশের ‘মিসিং মিডল’ বা এসএমই খাতের উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ তৈরি করতে। গত ২৫ বছরে আমরা দেশের ২০ লাখ এসএমই উদ্যোক্তাকে অর্থায়ন করেছি এবং দুই কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রেখেছি।
এসএমই খাতে আমরা তুলনামূলক ছোট অঙ্কের ঋণ দিয়ে থাকি। এ ধরনের অর্থায়নের জন্য বিশেষায়িত জনবল, প্রশিক্ষিত কর্মী এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক প্রয়োজন, যা একমাত্র ব্র্যাক ব্যাংকেরই রয়েছে। ব্র্যাক ব্যাংক গত দুই দশকের বেশি সময়ে এই সক্ষমতা ও কাঠামো গড়ে তুলেছে। একই সঙ্গে এসএমই খাতে অর্থায়ন করেও যে একটি ব্যাংকের খেলাপি ঋণ মাত্র ২.২৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব, আমরা সেই উদাহরণও তৈরি করেছি। অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আমরা সারা বছর হাজার হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছি। রিটেইল ব্যাংকিংয়েও আমরা উদ্ভাবনের মাধ্যমে স্বতন্ত্র হওয়ার চেষ্টা করছি। করপোরেট গ্রাহকদের ট্রানজেকশন ব্যাংকিং সেবা দিচ্ছি। আমাদের ‘কর্পনেট’ অ্যাপের মাধ্যমে প্রতি মাসে ৩০ হাজার কোটি টাকার বেশি ট্রানজেকশন হচ্ছে।
যুগান্তর : বর্তমানে গ্রাহকদের কোন ধরনের ব্যাংকিং পণ্য ও সেবার চাহিদা সবচেয়ে বেশি?
তারেক রেফাত উল্লাহ খান : রিটেইল গ্রাহকদের মধ্যে আমানত রাখা ও ঋণ নেওয়াসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবার চাহিদা বেড়েছে। গত এক বছরে আমাদের রিটেইল পোর্টফোলিওতে ভালো প্রবৃদ্ধি হয়েছে, যা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সন্তোষজনক। আমাদের রিটেইল আমানত ৫৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন ব্যাংকের প্রায় সব সেবা নিতে পারছেন। বর্তমানে এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা প্রতি মাসে ৩০ হাজার কোটি টাকার বেশি ট্রানজেকশন করছেন। ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রিটেইল ও এসএমই খাতে ডিজিটাল লোন দিয়েছে। আমাদের ৮৮ হাজারের বেশি রিটেইল গ্রাহক ১,১০০ কোটি টাকার বেশি ডিজিটাল লোন নিয়েছে। এসএমই খাতের গ্রাহকরা ব্যাংকে না এসেই কয়েক মিনিটের মধ্যে ‘সাফল্য’ ডিজিটাল লোন নিতে পারছেন। এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি এসএমই গ্রাহক এই ডিজিটাল লোন দেওয়া হয়েছে। অর্থাৎ, রিটেইল ও এসএমই মিলিয়ে এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহক ডিজিটাল লোন পেয়েছেন।
যুগান্তর : গ্রাহকের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরিতে ব্র্যাক ব্যাংকের কৌশল কী?
তারেক রেফাত উল্লাহ খান : গ্রাহকের আস্থাই একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ। তাই সেই আস্থা ধরে রেখে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আমার মতে, একটি ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থার অন্যতম ভিত্তি হলো করপোরেট সুশাসন। বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, একটি ব্যাংকের সুশাসনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। ব্র্যাক ব্যাংক নিজস্ব ও অন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ সুশাসন নিশ্চিত করে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। সুশাসনের পাশাপাশি ব্যাংকের কার্যক্রম পরিচালনা ও আর্থিক প্রতিবেদন প্রকাশে আন্তর্জাতিক মানের স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি। ব্র্যাক ব্যাংক সব সময় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে। সুশাসন ও স্বচ্ছতার এই চর্চাই গ্রাহকের আস্থা অর্জন ও ধরে রাখার ক্ষেত্রে আমাদের অন্যতম কৌশল।
যুগান্তর : গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যাংকিং পণ্য নির্বাচন করতে আপনার ব্যাংক কী ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে?
তারেক রেফাত উল্লাহ খান : অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি, দেশের ব্যাংকগুলো নিজেদের প্রোডাক্ট ডিজাইন করার ক্ষেত্রে গ্রাহকদের স্বচ্ছন্দের বদলে নিজেদের প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়েছে। তবে, ব্র্যাক ব্যাংক এখানে ব্যতিক্রম। আমরা গত ২-৩ বছর ধরে গ্রাহকদের নিয়ে নিজস্ব সার্ভের মাধ্যমে তাদের চাহিদাকে বুঝে উঠতে সক্ষম হয়েছি। এই চাহিদাকে মাথায় রেখে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের নীতি অনুসরণের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডিজাইন করি এবং গ্রাহকের স্বচ্ছন্দ ও প্রবৃদ্ধিকেই প্রাধান্য দেই। এসব কারণে ব্রাঞ্চ থেকে শুরু করে সবখানে আমাদের গ্রাহকসেবা উন্নত হয়েছে। সাধারণ ব্যাংকিংয়ের সঙ্গে টেকনোলজির সমন্বয়ের মাধ্যমে আমরা অনেক সেবা অ্যাপভিত্তিক করে ফেলেছি। একই সঙ্গে ব্রাঞ্চের অনেক সাধারণ সেবাকে ডিজিটাল করা হয়েছে, যাতে গ্রাহকসেবাকে আরও উন্নত করা যায়।
যুগান্তর : গ্রাহকদের উদ্দেশে আপনার পক্ষ থেকে কী বার্তা দিতে চান?
তারেক রেফাত উল্লাহ খান : গ্রাহকদের প্রতি আমার একটিই বার্তা, আপনার কষ্টার্জিত অর্থ জমা করা ও ব্যবসায়ের ট্রানজেকশন করার ক্ষেত্রে একটি ভালো ব্যাংককে বেছে নিন। এমন ব্যাংকের সঙ্গে যুক্ত থাকুন, যেখানে আপনার আমানত ও ব্যবসায় সুরক্ষিত থাকবে। ব্যাংক নির্বাচনের সময় অবশ্যই সেই ব্যাংকের করপোরেট সুশাসন, আন্তর্জাতিক রেটিং, খেলাপি ঋণের হার ও ব্যবস্থাপনার ধরনসহ বিভিন্ন বিষয় যাচাই করে নেওয়া উচিত।
করপোরেট সুশাসন, মূলধন, সম্পদের মান ও ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক সেরা অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস টানা দুই বছর ধরে আমাদের সেরার স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি বিশ্বখ্যাত সংস্থা ফোর্বস বিশ্বের ২৫ হাজারের বেশি ব্যাংকের মধ্যে সেরা পারফর্ম করা ৫০০ ব্যাংকের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসাবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক। আমি চাই, গ্রাহকরা যেন তাদের আমানত ও ব্যবসায় পরিচালনা নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।
