সাইবার নিরাপত্তায় ব্যাংকের প্রস্তুতি কম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তির ছোঁয়ায় ডিজিটাল ব্যাংকিং গ্রাহকদের লেনদেন ব্যবস্থা অনেক সহজ করেছে। তবে এতে ঝুঁকির মাত্রাও বেড়েছে। ঘটছে ডিজিটাল প্রতারণাও। গ্রাহকের হিসাব থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সংঘবদ্ধ হ্যাকার গ্রুপের মাধ্যমে সাইবার হামলাও ঘটছে ব্যাংকগুলোতে। কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের সুরক্ষায় বা সাইবার হামলা প্রতিরোধে ব্যাংকগুলোর প্রস্তুতি একেবারেই কম। মাত্র ৩১ শতাংশ ব্যাংকের সীমিত প্রস্তুতি রয়েছে। বাকি ৬৯ শতাংশ ব্যাংকের প্রস্তুতি একেবারেই কম।
সূত্র জানায়, ডিজিটাল ব্যাংকিংয়ের কারণে গ্রাহক ও ব্যাংকের লেনদেন-সংক্রান্ত প্রায় সব তথ্যই এখন অনলাইনে যুক্ত। বিশেষ করে ব্যাংকিং অ্যাপ বা ডিজিটাল সফটওয়্যারে এসব তথ্য দেওয়া রয়েছে। এগুলোর নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো হ্যাকার গ্রুপ বা প্রযুক্তির অপব্যবহারে অভিজ্ঞ ব্যক্তি জাল-জালিয়াতি করতে পারে। এছাড়া গ্রাহকের কাছ থেকে তথ্য চুরি বা অন্য কোনো ডিজিটাল প্রক্রিয়ায় হাতিয়ে নিয়েও জালিয়াতি করার সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ডিজিটাল জালিয়াতি ব্যাংকগুলোতে মাঝেমধ্যেই ঘটছে। বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ে বেশি ঘটছে। এর বড় অংশই ঘটছে গ্রাহকের কাছ থেকে তথ্য হাতিয়ে নিয়ে। এছাড়া ব্যাংকের প্রযুক্তিগত দুর্বলতা ও ব্যাংক কর্মকর্তাদের সহায়তায়ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে।
সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের কারণে অনলাইন জালিয়াতি ও সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। কিন্তু এসব ঝুঁকি মোকাবিলার জন্য ব্যাংকগুলোর প্রস্তুতি একেবারেই কম। পাশাপাশি গ্রাহকদের সচেতন করার বিষয়ে ব্যাংকগুলোর তৎপরতা নগণ্য। যে কারণে ব্যাংকগুলোকে আরও বেশি মাত্রায় সাইবার ঝুঁকির মধ্যে ফেলেছে। দেশের ৩৪ ব্যাংক থেকে তথ্য নিয়ে বিআইবিএম এ প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়, ডিজিটাল লেনদেন সহজ করতে অনেক ব্যাংক ইতোমধ্যে নিজস্ব অ্যাপ ব্যবহার করছে। একদিকে এসব অ্যাপ বাইরে থেকে কেনা বা অ্যাপ তৈরিতে নানা উপকরণ বাইরে থেকে কেনা হয়েছে। অনেক ব্যাংক আবার নিজেরাই অ্যাপ তৈরি করে ব্যবহার করছে। নিজস্বভাবে তৈরি অ্যাপে ঝুঁকির মাত্রা কম, কিন্তু বাইরে থেকে কেনা বা উপকরণ কিনে তৈরি অ্যাপে ঝুঁকি বেশি। গ্রাহক সেবার অ্যাপে সাইবার হামলা বা বড় ধরনের নিরাপত্তা ত্রুটি দেখা দিলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে লিখিত বা নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকে। তারা সেটি নিয়মিত পরীক্ষা করে। বাকি ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের সুনির্দিষ্ট ও তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই। তারা ঘটনা ঘটনার পর তা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। কিন্তু সাইবার হামলা বা জালিয়াতির তথ্য সংগ্রহ বা আগাম সংকেত পাওয়ার ব্যবস্থাও সীমিত। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক তাদের অ্যাপের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে। তারা অ্যাপের লেনদেনের সময় গ্রাহকের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এছাড়া গোপানীয় তথ্য নিয়ে যাচাই করে। এখন গ্রাহকের গোপনীয় তথ্য অন্যের হাতে চলে গেলে সেক্ষেত্রে ব্যাংক তাৎক্ষণিকভাবে কিছু করতে পারে না। এজন্য গ্রাহককে ব্যাংকের কাছে অভিযোগ করতে হয়। অভিযোগ পেলেই তারা লেনদেনের সব তথ্য বের করতে পারে। প্রতিবেদনে বলা হয়, ৩৪টি ব্যাংকের মধ্যে ৮১ শতাংশ ব্যাংকের ডিজিটাল লেনদেনের নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তারা বিকল্প স্থানে সার্ভার স্থাপন করে তথ্য সংরক্ষণ করে। ফলে সাইবার হামলা হলে বিকল্প উৎস থেকে তথ্য নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বা গ্রাহকের ক্ষতি রোধ করা সম্ভব। তবে ব্যাংকগুলোর ডিজিটাল লেনদেন ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নজিরদারি করার ব্যবস্থা খুবই সীমিত। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের তথ্য ও গতিবিধি পর্যবেক্ষণ করে। ফলে লেনদেনে ঝুঁকি বা নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় এসব ব্যাংক দ্রুত সাড়া দিতে পারে। কিন্তু অন্য ব্যাংকগুলো এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে না। এমন ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। ব্যাংকিং লেনদেনের অ্যাপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হিসাবে দেখা দিয়েছে ফিশিং বা ভুয়া অ্যাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রলোভন দিয়ে ভুয়া অ্যাপগুলো গ্রাহকদের আকৃষ্ট করে। এসব অ্যাপ গ্রাহকের মোবাইল ফোন বা কম্পিউটারে ডাউনলোড করা হলে সেগুলো গ্রাহকের গোপনীয় তথ্য চুরি করে পরবর্তীতে সাইবার হামলা চালানো হয়। এ কারণে গ্রাহকদের সচেতন করার ওপরও জোর দেওয়া হয়েছে। এজন্য ব্যাংকগুলোকে প্রচারণা চালাতে হবে। বিশেষ মোবাইল ব্যাংকিংয়ে তথ্য প্রযুক্তি না জানা গ্রাহকরা এ ধরনের প্রতারণার শিকার বেশি হচ্ছে। ব্যাংকগুলোতেও ভুয়া অ্যাপের মাধ্যমে প্রতারণা বেশি হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল লেনদেনের সময় গ্রাহকের পরিচয় সম্পর্কে প্রথম ধাপে ৭৮ শতাংশ ব্যাংক যাচাই করে।
পরবর্তীতে যাচাই করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক। অর্থাৎ লেনদেন সহজ করতে প্রথম দফা যাচাইয়েই লেনদেন সম্পন্ন করা হচ্ছে। এতে ঝুঁকির মাত্রা বাড়ছে। দ্বিতীয় দফা যাচাই করা হলে জালিয়াতির প্রবণতা আরও কমানো সম্ভব হবে। এক্ষেত্রে ব্যাংকগুলোতে প্রযুক্তি খাতকে আরও হালনাগাদ করতে বলা হয়েছে। যেসব ব্যাংকের নিজেদের প্রযুক্তি সেবার বাইরে কোনো তৃতীয় পক্ষের প্রযুক্তিগত সেবা গ্রহণ করে, তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষকে জবাবদিহির আওতায় আনতে বলা হয়েছে।
