ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল ব্যাংকিংয়ের পর এবার ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি ঝুঁকছেন উদ্যোক্তারা। ইতোমধ্যে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ডিজিটাল ব্যাংক ধারণাটি নতুন করে সামনে এসেছে। ডিজিটাল ব্যাংক চালু হলে কী করবে বা কী সেবা দেবে, সে নিয়েও কৌতূহল রয়েছে। কারণ, এখনকার ব্যাংক ও মোবাইল ব্যাংকিংসেবার অ্যাপসগুলো প্রায় সব ধরনের ব্যাংকিংসেবা ডিজিটাল হয়ে গেছে। গ্রাহকদের ব্যাংকে যাওয়া কমে এসেছে। অনেক ব্যাংক শাখা সম্প্রসারণের পরিবর্তে এখন সংকুচিত করার পরিকল্পনা করছে। পাশাপাশি শাখার আয়তন কমিয়ে আনতে চাইছে। বাংলাদেশ ডিজিটাল ব্যাংক কী করবে, নীতিমালাতেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সেপ্টেম্বরে প্রাথমিক অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-ডিজিটাল ব্যাংকিং অব ভুটান। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। এছাড়া রয়েছে, মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘বিকাশের’ উদ্যোক্তাদের মালিকানায় দেওয়া হয়েছে ‘বিকাশ ডিজিটাল ব্যাংক’, বাংলালিংকের মালিকানায় নোভা ডিজিটাল ব্যাংক, (মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ) এবং আরেক মোবাইল কোম্পানি রবি আজিয়াটার মালিকানায় ‘বুস্ট ডিজিটাল ব্যাংক’। পাশাপাশি আগেই প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কেমন হবে ডিজিটাল ব্যাংক : ডিজিটাল ব্যাংক হবে এমন একটি ব্যাংক, যার নিজস্ব কোনো শাখা, উপশাখা, এটিএম বা সিডিএম (নগদ জমা মেশিন) থাকবে না। এর সব সেবা মিলবে শুধু ডিজিটাল মাধ্যমে, যেমন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। গ্রাহকদের সুবিধার জন্য ভার্চুয়াল কার্ড ও কিউআর কোডের মতো প্রযুক্তিভিত্তিক পণ্য ব্যবহারের সুযোগ থাকবে। লেনদেনের জন্য গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বা এজেন্ট সেবা ব্যবহার করতে পারবেন। একেকটি ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন লাগবে ৩০০ কোটি টাকা। ডিজিটাল ব্যাংক হবে এমন একটি ব্যবস্থা, যেখানে হিসাব খোলা থেকে শুরু করে যে কোনো সেবা নেওয়ার জন্য কোথাও যেতে হবে না, যে কোনো স্থান থেকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেই সেবা নেওয়া যাবে। বর্তমানে দেশে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু থাকলেও, সেগুলো ডিজিটাল ব্যাংকের একটি অংশমাত্র। ডিজিটাল ব্যাংক হবে একটি পূর্ণাঙ্গ ব্যাংক, যা আর্থিক সেবাগুলোকে আরও সর্বজনীন করে তুলবে।
কী সেবা দেবে : নীতিমালায় বলা হয়, এটি বড় বা মাঝারি শিল্পে ঋণ দিতে পারবে না। কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতের অনেক ব্যবসায়ী এখনো অনানুষ্ঠানিক অর্থায়নের ওপর নির্ভরশীল। ডিজিটাল ব্যাংকের মাধ্যমে তাদের দ্রুত প্রাতিষ্ঠানিক ঋণ ও অন্যান্য আর্থিক সেবার আওতায় আনা সম্ভব হলে ব্যবসার প্রসার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া কোনো ঋণপত্র (এলসি) খোলার অনুমতি থাকবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল ব্যাংক হবে শুরু থেকে শেষ পর্যন্ত শাখাবিহীন ভার্চুয়াল ব্যাংকিংসেবা। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বিকল্প নয়। বরং এর পরিপূরক হিসাবে কাজ করবে। ডিজিটাল ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহক নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পদ্ধতি ব্যবহার করতে পারবে। প্রস্তাবিত কাঠামোয় মূলত জামানতবিহীন ঋণ প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স দেওয়ার পাঁচ বছরের মধ্যে এই ব্যাংককে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়তে হবে। আইপিওর পরিমাণ হতে হবে স্পন্সরের প্রাথমিক অবদানের ন্যূনতম পরিমাণের সমান। এই ব্যাংক স্থাপনে উদ্যোক্তাদের অর্ধেককে হতে হবে প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং, উদীয়মান প্রযুক্তি, সাইবার আইন ও বিধিবিধান বিষয়ে শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন। বাকি অর্ধেককে হতে হবে ব্যাংকিং, ই-কমার্স এবং ব্যাংকিং আইন ও বিধিবিধান বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন। ডিজিটাল ব্যাংককে কোম্পানি আইন অনুযায়ী প্রচলিত ব্যাংকের মতো সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ন্যূনতম নগদ জমা (সিআরআর) ও বিধিবদ্ধ জমা (এসএলআর) বজায় রাখতে হবে।
বাড়ছে বাংলা কিউআরে লেনদেন : এদিকে গত ১ জুলাই থেকে সব ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন চালু করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট আন্তঃব্যাংক লেনদেন মাশুল মওকুফের পাশাপাশি বিভিন্ন প্রণোদনার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১০ আগস্টের পর থেকে বাংলা কিউআর-এর ব্যবহার দ্রুত বাড়তে থাকে।
জুলাই মাসে এই ব্যবস্থায় দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা সেপ্টেম্বরে বেড়ে প্রায় ১৫০ কোটি টাকায় দাড়াঁয়।

