Logo
Logo
×

Advertisement

ব্যাংকনামা

সাক্ষাৎকার

শরিয়াহ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং আমাদের লক্ষ্য

মো. আলতাফ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শরিয়াহ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং আমাদের লক্ষ্য

Advertisement

মো. আলতাফ হুসাইন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০ বছরেরও বেশি সময়ের পেশাজীবনে তিনি ইনভেস্টমেন্ট, ফরেন ট্রেড এবং জেনারেল ব্যাংকিংয়ের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বে দক্ষতার পরিচয় দিয়েছেন।

যুগান্তর : আপনার ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রাইভেট ব্যাংকিং পণ্য ও সেবাগুলো কী কী?

আলতাফ হুসাইন : আমাদের জনপ্রিয় ব্যক্তিগত ব্যাংকিং পণ্য ও সেবার মধ্যে মুদারাবা সঞ্চয়ী হিসাব (এমএসএ), মুদারাবা মেয়াদি আমানত হিসাব (এমটিডিআর), মুদারাবা মাসিক মুনাফাভিত্তিক আমানত হিসাব (এমএমপিডিএ), মুদারাবা বিশেষ সঞ্চয়ী (পেনশন) হিসাব (এমএসএসএ) এবং মুদারাবা হজ সঞ্চয়ী হিসাব (এমএইচএসএ) উল্লেখযোগ্য।

বিনিয়োগের ক্ষেত্রে বাই-মুরাবাহা, বাই-মুয়াজ্জাল, বাই-ইস্তিজরার, বাই-সালাম, বাই-ইস্তিসনা, মুদারাবা, মুশারাকা এবং শিরকাতুল মিলকের অধীনে ভাড়াভিত্তিক ক্রয় পদ্ধতিতে (এইচপিএসএম) অর্থায়ন করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ প্রকল্প (এসবিআইএস), আবাসন বিনিয়োগ কর্মসূচি (এইচআইপি), গাড়ি বিনিয়োগ প্রকল্প (সিআইএস), নারী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প (ডব্লিউইআইএস), শিক্ষা বিনিয়োগ প্রকল্প এবং পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করা হচ্ছে।

বিশেষ করে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি ডেবিট কার্ড, খিদমাহ কার্ড, সেলফিন, এমক্যাশ, প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সহজ ব্যাংকিং সুবিধা দিচ্ছি।

আমাদের লক্ষ্য হলো শরিয়াহভিত্তিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা।

যুগান্তর : আপনার ব্যাংকের বিশেষ কোনো পণ্য বা সেবা অন্য ব্যাংকের তুলনায় কীভাবে আলাদা?

আলতাফ হুসাইন : আমাদের বিশেষত্ব শুধু কোনো একটি পণ্যে নয়; বরং শরিয়াহভিত্তিক অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিনির্ভর সেবার সমন্বিত মডেলে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করা। বাই-মুরাবাহা, বাই-মুয়াজ্জল, মুদারাবাহ, মুশারাকা ও এইচপিএসএম-এর মতো বিভিন্ন শরিয়াহভিত্তিক বিনিয়োগ পদ্ধতির মাধ্যমে এমপিআই, বাই আস-সার্ফ ও এমডিবি ইত্যাদির মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সুবিধা সম্প্রসারণের পাশাপাশি আরডিএস-এর মাধ্যমে আমরা গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও অর্থায়ন পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম সেলফিনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স, বিল পরিশোধ, এজেন্ট ব্যাংকিং সেবা ও কিউআর পেমেন্টসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে; এমনকি প্রায় ১১৪ ধরনের সরকারি ফি সেলফিন-এর মাধ্যমে পরিশোধের সুবিধাও রয়েছে।

যুগান্তর : বর্তমানে গ্রাহকদের কোন ধরনের ব্যাংকিং পণ্য ও সেবার চাহিদা সবচেয়ে বেশি?

আলতাফ হুসাইন : বর্তমানে গ্রাহকরা এমন ব্যাংকিং সেবা চান, যা সহজ, দ্রুত, নিরাপদ এবং সহজলভ্য; পাশাপাশি অপ্রয়োজনীয় কাগজপত্র ও দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সেবা পাওয়াকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়ন, গৃহায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা বিনিয়োগ, কর্জে হাসানা, খিদমাহ ক্রেডিট কার্ড, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স এবং ডিজিটাল ব্যাংকিংয়ের চাহিদা বাড়ছে।

যুগান্তর : গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যাংকিং পণ্য নির্বাচন করতে আপনার ব্যাংক কী ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে?

আলতাফ হুসাইন : আমরা মনে করি, সবার জন্য একই ব্যাংকিং পণ্য উপযোগী নয়; তাই গ্রাহকের প্রয়োজন বুঝে শরিয়াহসম্মত সঠিক সমাধান দেওয়াকে আমরা গুরুত্ব দিই। গ্রাহকের সঞ্চয়ের লক্ষ্য, লেনদেনের ধরন, বিনিয়োগের প্রয়োজন, মেয়াদ ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে আমাদের কর্মকর্তারা উপযুক্ত পণ্য সম্পর্কে পরামর্শ দেন। পণ্যের বৈশিষ্ট্য, মুনাফা, শর্ত ও সংশ্লিষ্ট বিষয়গুলো স্বচ্ছভাবে ও সহজ ভাষায় তুলে ধরা হয়, যাতে গ্রাহক সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

যুগান্তর : ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হচ্ছে?

আলতাফ হুসাইন : ডিজিটাল ব্যাংকিংকে আমরা শুধু একটি বিকল্প সেবা হিসাবে নয়, বরং ভবিষ্যতের ব্যাংকিংয়ের অন্যতম প্রধান ভিত্তি হিসাবে বিবেচনা করছি। আমাদের সেলফিন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স গ্রহণ, বিল পরিশোধ, কিউআর পেমেন্ট, মোবাইল রিচার্জসহ দৈনন্দিন নানা আর্থিক সেবার পাশাপাশি প্রায় ১১৪ ধরনের সরকারি ফি ও সেবাসংক্রান্ত পেমেন্ট করা যাচ্ছে। ফলে গ্রাহককে অনেক ক্ষেত্রে শাখায় না এসেই স্বল্প সময়ে ও সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।

যুগান্তর : ব্যাংকিং সেবায় নিরাপত্তা ও গ্রাহকের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা রয়েছে?

আলতাফ হুসাইন : ব্যাংকিং নিরাপত্তা ও গ্রাহকের তথ্যের গোপনীয়তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা, শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল, মাল্টি-লেয়ার অথেন্টিকেশন, এনক্রিপশন এবং লেনদেনের নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তথ্য ও আর্থিক লেনদেন সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, সাইবার ঝুঁকি মোকাবিলা ও নিয়মিত নিরাপত্তা মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি গ্রাহক সচেতনতাকেও আমরা সমান গুরুত্বপূর্ণ মনে করি; ওপিটি, চওঘ, পাসওয়ার্ড বা কার্ডের তথ্য কারও সঙ্গে শেয়ার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং প্রতারণার ঘটনা দ্রুত ব্যাংককে জানানোর বিষয়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

যুগান্তর : আপনার ব্যাংকের এমন কোন পণ্য বা সেবা রয়েছে, যেটি সম্পর্কে গ্রাহকদের আরও বেশি জানা প্রয়োজন?

আলতাফ হুসাইন : আমাদের বিশ্বাস, ভবিষ্যতের ব্যাংকিং শুধু সেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; গ্রাহককে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। এক্ষেত্রে সেলফিন সম্পর্কে আরও বেশি মানুষকে জানা প্রয়োজন-কারণ এটি শুধু ডিজিটাল লেনদেনের মাধ্যম নয়, প্রায় ১১৪ ধরনের সরকারি ফি ও সেবাসংক্রান্ত পেমেন্টের সুযোগ দিচ্ছে। একইভাবে এজেন্ট ব্যাংকিং, আরডিএস, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগসহ শরিয়াহভিত্তিক বিভিন্ন বিনিয়োগ সুবিধা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছানো জরুরি।

যুগান্তর : পরিবর্তিত গ্রাহক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন কী ধরনের পণ্য বা সেবা আনার পরিকল্পনা রয়েছে?

আলতাফ হুসাইন : গ্রাহকের চাহিদা এখন দ্রুত বদলাচ্ছে; তাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু হচ্ছে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং। ডিজিটাল ব্যাংকিং, স্মার্ট পেমেন্ট, ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য প্রয়োজনভিত্তিক অর্থায়ন এবং প্রবাসী আয় ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি।

যুগান্তর : গ্রাহকদের উদ্দেশে আপনার ব্যাংকের পক্ষ থেকে কী বার্তা দিতে চান?

আলতাফ হুসাইন : আমাদের কাছে গ্রাহক শুধু একজন সেবাগ্রহীতা নন, তিনি আমাদের দীর্ঘমেয়াদি পথচলার অংশীদার। তাই আমরা প্রতিটি সেবায় স্বচ্ছতা, নিরাপত্তা, শরিয়াহভিত্তিক মূল্যবোধ ও গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। ইসলামী ব্যাংক মানুষের প্রয়োজনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও একটি দায়িত্বশীল ও বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসাবে পাশে থাকতে চায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যাংকের পণ্য ও সেবায় নতুনত্ব বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা

বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা

ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা

ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা

সাইবার নিরাপত্তায় ব্যাংকের প্রস্তুতি কম

সাইবার নিরাপত্তায় ব্যাংকের প্রস্তুতি কম

সাক্ষাৎকার শরিয়াহ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং আমাদের লক্ষ্য

শরিয়াহ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং আমাদের লক্ষ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম