যোগাযোগ-পরিবহণে বিশেষ গুরুত্ব
বরাদ্দ ৬২ হাজার ৮৭২ কোটি টাকা * মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী অর্থবছরের বাজেটে যোগাযোগ ও পরিবহণ খাতে ৬২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন তিনি। মন্ত্রী জানান, সরকার এমআরটি লাইন-১ (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যমুনা ফিউচার পার্ক হয়ে কমলাপুর পর্যন্ত) এবং এমআরটি-৫ (নর্দার্ন) (হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত) নির্মাণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, মেট্রোরেলের শেষপ্রান্ত থেকে বিভিন্ন গন্তব্যে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ে ৯ হাজার ৯৪১ কোটি টাকা, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে ৯ হাজার ৮১ কোটি টাকা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ১ হাজার ৮৮৪ কোটি টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২ হাজার ১৪১ কোটি টাকা এবং সেতু বিভাগে ২ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে যোগাযোগ ও পরিবহণ খাতে ৭১ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ৫০ হাজার ২৮০ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমন্বিত টিকিটিং ব্যবস্থা, র্যাপিড পাস ও অনলাইন সেবা সম্প্রসারণের মাধ্যমে গণপরিহণের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, ঢাকার পুরনো বাস পর্যায়ক্রমে প্রত্যাহার করে ইলেকট্রিক বাস দিয়ে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। রেলপথ উন্নয়ন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ঢাকা-কুমিল্লা অংশে কর্ডলাইন নির্মাণ করা হবে। নতুন কর্ড লাইন নির্মিত হলে ৮০ কিলোমিটার দূরত্ব কমবে। এটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াতে সময় ৫ ঘণ্টা থেকে কমে সাড়ে তিন ঘণ্টায় নেমে আসবে। পাশপাশি চট্টগ্রাম বন্দর, বে-টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে আসা পণ্যবাহী ট্রেন চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব ও নরসিংদী হয়ে সরাসরি ধীরাশ্রম আইসিডির সঙ্গে যুক্ত হতে পারবে।
নৌখাত উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ নদীগুলোতে ড্রেজিং ও খনন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বর্ষা মৌসুমের আগে অভ্যন্তরীণ নৌরুট সচল রাখতে ড্রেজিং চলছে। পায়রা ও মোংলা বন্দরের উন্নয়ন ত্বরান্বিত করা, স্থলবন্দর সম্প্রসারণ, নদীবন্দর ও লঞ্চঘাট আধুনিকায়ন এবং নৌপথে নিরাপত্তা জোরদারের মাধ্যমে সার্বিক যোগাযোগ ব্যবস্থায় গতি সঞ্চার করা হবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি আধুনিক উড়োজাহাজ সংগ্রহের চুক্তি হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণ, আন্তর্জাতিক রুটে সংযোগ বৃদ্ধি, যাত্রী ও কার্গো পরিবহণ সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক এভিয়েশন খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।
মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও দুই বছর : মেট্রোরেল চলাচলের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছর অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, মেট্রোরেল সেবার ওপর মূসক অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ২০২২ সালের ডিসেম্বরে চালুর পর থেকে এই সেবার ওপর ভ্যাট আরোপ করেনি। দুই বছর মেয়াদে ভ্যাট অব্যাহতির পাশাপাশি ৬৫ বছরের বেশি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। আর সাধারণ ট্রেনে তারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত সুবিধা পাবেন।
