ঋণের ১৯ কোটি ডলার পরিশোধ সামিট মেঘনাঘাটের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নেওয়া ১৯ কোটি ডলারের সমন্বিত বিদেশি প্রকল্প ঋণ পুরোপুরি পরিশোধ করেছে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড (এসএমপিসিএল)। নারায়ণগঞ্জে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর নির্ধারিত সময়ে কোনো বিলম্ব ছাড়াই গত ১৫ অক্টোবরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করেছে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এ অর্জনকে একটি বড় মাইলফলক হিসাবে দেখছে। এক সংবাদ বিজ্ঞপিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, এই সাফল্য বাংলাদেশকে অবকাঠামো অর্থায়নে নির্ভরযোগ্য বৈশ্বিক অংশীদার হিসাবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।
সামিট জানায়, দেশের ব্যাংক খাতের ওপর চাপ না বাড়িয়ে বিদেশি উৎস থেকে অর্থায়ন করায় ঋণ ব্যয় কমেছে এবং পরিশোধের মেয়াদও বাড়ানো সম্ভব হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক অর্থনীতিকে উপকৃত করেছে এবং স্থানীয় ব্যাংকগুলোর ওপর চাপ কমিয়েছে।
দীর্ঘমেয়াদি এই ঋণটি অর্থায়ন করেছিল বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। এর মধ্যে ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (যুক্তরাজ্য), ডিইজি (জার্মানি), এফএমও (নেদারল্যান্ডস), ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (অস্ট্রিয়া) ও ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (যুক্তরাজ্য)। বাংলাদেশ থেকে যুক্ত ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিকল)। ঋণের সুদের হার ছিল ৭ দশমিক ২৮ থেকে ৭ দশমিক ৫৮ শতাংশ।
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বলেন, এই সফল পরিশোধ সামিটের স্বচ্ছতা, দক্ষ পরিচালনা এবং আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে দায়িত্বশীল অংশীদারত্বের প্রতিফলন। এটি প্রমাণ করে, আন্তর্জাতিক অর্থায়নে বড় প্রকল্পগুলো দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনায় বাংলাদেশের সক্ষমতা তৈরি হয়েছে।
