রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
আওয়ামী লীগ পুনর্বাসনে লিপ্ত বিএনপির এমপি নজরুল
মামলা দিয়ে দলের নেতাকর্মীদের হয়রানি
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ-সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। আর এসব নিয়ে কথা বললেই নিজ দলের নেতাকর্মীদের মামলা, বহিষ্কারসহ নানা হয়রানি করছেন। সোমবার রাজশাহী মহানগরীর অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা এসব অভিযোগ করেছেন। রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহারও দাবি করেছেন। তাদের দাবি, এমপির কথায় তাদের বিরুদ্ধে ওসি মিথ্যা মামলা রেকর্ড করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, এমপি নজরুল সম্প্রতি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পল্লব সেনগুপ্ত ও আওয়ামী লীগকর্মী মাজহারুল ইসলাম মিন্টুকে সংসদে নিয়ে যান। তার এই কাজ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ ছিল। তাছাড়া বেশির ভাগ সরকারি পুকুর আওয়ামী লীগের একজন অর্থদাতাকে দিয়ে চাষ করাচ্ছেন এমপি। টাকার বিনিময়ে তিনি ‘ফ্যাসিবাদ ও রাজাকার ঘরানার লোকদের’ ডিলার নিয়োগ দিতে সহায়তা দিচ্ছেন। পুঠিয়া ইউনিয়নে আওয়ামী লীগের রিশাদ হোসেন কেতাব ডিলারশিপ পেয়েছেন। পুঠিয়া পৌরসভা এলাকায় ডিলারশিপ পেয়েছেন শাহেদ হাসান। তার বাড়ি ময়মনসিংহ। তিনি এমপির নাতিজামাই। এমপির সুপারিশে ভাল্লুকগাছি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন শফিউল ইসলাম। তিনি জামায়াতের রাজনীতি করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এমপির পরিবারের সদস্য, ফ্যাসিবাদের দোসর কিংবা জামায়াতের কাউকে সভাপতি ও সদস্য মনোনীত করেছেন। যুবদল নেতা দেলোয়ার সরকার আল-আমীন বলেন, ‘এমপির নানা অনিয়ম ও আওয়ামীপ্রীতির ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কেউ ফেসবুকে মন্তব্য করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত ১৩ আগস্ট বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামের একটি পারিবারিক ঘটনায় আমাকেসহ বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হয়রানি করতেই এ মামলা।’ অন্যদিকে গত ১১ অক্টোবর চার নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। এসব মামলার পেছনে সংসদ-সদস্যের চাপ রয়েছে বলে দাবি দেলোয়ারের। তার অভিযোগ, মামলার বাদী খন্দকার সোহেল মাহমুদ ফ্যাসিবাদের দোসর।
সাবেক ছাত্রনেতা আহসান হাবিব বলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব খান এমপি নজরুলের ভাতিজা আজাদ মন্ডলের জামাতা। হাবিব খান শ্বশুরবাড়িতে বসে সরকার পতনের হুঙ্কার দিচ্ছেন। বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনে যারা এমপির পক্ষে ছিলেন না, তাদেরই হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগের তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে এমপি নজরুলের মোবাইল ফোনে কল দিলে তার ভাতিজা তানজিম আরিন রিসিভ করে জানান, এমপি বিশ্রামে আছেন। তাকে পাওয়া যাবে না।
