কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাকিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কারখানার ইউনিট ম্যানেজার মো. মানিকসহ দুজন দগ্ধ হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিন্দী ইউনিয়নের আতাশুর এলাকার একটি ভবনের সপ্তম তলায় অবস্থিত এসএস টয় নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় কারখানায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তারা প্লাস্টিকের খেলনায় বিভিন্ন রঙের স্প্রে ও প্রিন্টের কাজ করছিলেন। এ সময় কারখানার সপ্তম তলার গোডাউনে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। সেখানে প্লাস্টিকের খেলনা, তারপিন, থিনারসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক থাকায় মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। এ সময় আতঙ্কে শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। তবে সাকিব গোডাউনের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।
দগ্ধ মানিকসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মানিককে দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ম্যানেজার মানিকের শরীরের শতভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আর আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান জানান, খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি, পোস্তগোলা ফায়ার সার্ভিসের তিনটি এবং সদর দপ্তরের একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে কারখানাটিতে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
কেরানীগঞ্জের ইউএনও উমর ফারুক জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুজনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
