এমপি প্রার্থী ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের বোয়ালমারীতে সংসদ-সদস্য (এমপি) প্রার্থী বড় ভাই ডা. গোলাম কবীরের ছোড়া শটগানের গুলিতে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টু নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত গোলাম কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশে প্রায় ৪০ শতাংশ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল গোলাম কবীর ও মিন্টুর মধ্যে। এর মধ্যে ৭ শতাংশ জমি তাদের ভাই কাওছার শেখের নামে লিখে দিলেও, বাকি জমিতে গাছ লাগান। ওই গাছ বড় ভাই ডা. গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।
বুধবার সকালে গাছ কাটতে গেলে মিন্টু এতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গোলাম কবীর শটগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন মিন্টু। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি, গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোলাম কবীরের ভাই আলমগীর কবীর বলেন, আমার চোখের সামনে বড় ভাই, ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শটগানটি জব্দ করা হয়েছে।
