অপারেশন ম্যানগ্রোভ শিল্ড
সুন্দরবনে বন্দুক যুদ্ধের পর অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
Advertisement
বাগেরহাট ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরবনে পঞ্চমবারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ হয়। আটকরা হলো-বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার মেহেদী হাসান ও রমজান শরীফ এবং ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা এনায়েত। তারা সবাই সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খালসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ খবর পেয়ে ১৩ মে বিকাল ৫টা থেকে দুদিনব্যাপী কোস্ট গার্ড ওই এলাকা ঘিরে রেখে অভিযান শুরু করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পালটা গুলি চালায়। একপর্যায়ে কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাতদল পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করা হয়। এই ডাকাতরা জেলেদের অপহরণ করেছিল।
তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে ১৩ মে বনরক্ষীদের তৎপরতা ও সহযোগিতায় করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে বন বিভাগ।
