পাটগ্রামে পতাকা বৈঠক
বিজিবির বাধায় খুঁটি সরিয়ে পিছু হটল বিএসএফ
Advertisement
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খুঁটি স্থাপনের চেষ্টা করলে তাতে বাধা দেয় বিজিবি। পরে বাংলাদেশের এই সীমান্তরক্ষী বাহিনীর হস্তক্ষেপে তারা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই উপজেলার পঁয়ষট্টিবাড়ী গ্রাম সীমান্তের ওপারে ভারতের কুচবিহারের মেকলিগঞ্জ মহকুমার সদরের হাড়িকামাত (পানিশালা) গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার দুপুরে একই সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বিজিবির বাধার মুখে পড়েন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পঁয়ষট্টিবাড়ী গ্রামের ওপারে ভারতে হাড়িকামাত (পানিশালা) গ্রাম সীমান্তের ৮৪৫ নম্বর মেইন পিলার লাগোয়া শূন্যরেখা থেকে ভারতের ৫০ মিটার অভ্যন্তরে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের ১ নম্বর পানিশালা ক্যাম্পের সদস্যদের সহায়তায় পুনরায় শ্রমিকরা বাঁশের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করেন। খবর পেয়ে বিজিবির ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন পঁয়ষট্টিবাড়ী বিজিবি (বিওপি)-এর টহলদল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয়। পরে ওই সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিজিবি সদস্যরা জানান, দুই দেশের মধ্যে ‘যৌথ পরিদর্শন (জয়েন্ট ইন্সেপেশন)’ ও ‘যৌথ নথি আলোচনার (জয়েন্ট রেকর্ড অব ডিসিশন (জেআরসি)’ স্বাক্ষর না হওয়া পর্যন্ত ওই স্থানে কোনো পিলার স্থাপন করা যাবে না। পরে বিএসএফ সদস্যরা ওই স্থান ত্যাগ করেন। এর আগে সোমবার দুপুরেও একই স্থানে বিএসএফ পিলার স্থাপনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে পড়ে। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পতাকা বৈঠকে বিএসএফকে পিলার স্থাপন ও বেড়া নির্মাণ কাজ করা যাবে না বলে সাফ জানায় বিজিবি। পরে নির্মাণ কাজ বন্ধে উভয়পক্ষ সম্মত হয়। এরপর বিএসএফ সদস্য ও শ্রমিকরা নির্মাণসামগ্রী নিয়ে সেখান থেকে চলে যান। বৈঠকে বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন ও ভারতের পানিশালা কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায়সহ উভয় দেশের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় এলাকায় টহল বৃদ্ধি ও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
