Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

রমেক হাসপাতাল

সিসিইউ ও পোস্ট সিসিইউর এসি বিকল, রোগীর হাঁসফাঁস

বাতাস নেই মেয়াদোত্তীর্ণ ফ্যানে তীব্র অস্বস্তি * এসি সচলে গণপূর্তে চাহিদা দেওয়া হয়েছে : পরিচালক

Icon

মাহবুব রহমান, রংপুর

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিসিইউ ও পোস্ট সিসিইউর এসি বিকল, রোগীর হাঁসফাঁস

Advertisement

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসাব্যবস্থায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। হৃদরোগীদের জীবন রক্ষায় যেখানে প্রয়োজন স্বস্তিদায়ক পরিবেশ, সেখানে হাসপাতালটিতে চরম অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। খোদ হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও পোস্ট সিসিইউর অধিকাংশ এয়ার কন্ডিশনার (এসি) দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।

কোনো কোনো স্থানে এসির সংযোগ নেই; মেয়াদোত্তীর্ণ সিলিং ফ্যানগুলো ঘুরছে ধীরগতিতে। এর ফলে তীব্র গরমে রোগীদের যন্ত্রণা পোহাতে হচ্ছে। গরমে হাঁসফাঁস করছেন রোগীরা। স্বজনদের কেউ কেউ বাধ্য হয়ে বাড়ি থেকে টেবিলফ্যান এনে রোগীর পাশে বসিয়ে দিচ্ছেন। তবুও মিলছে না স্বস্তি। অনেকে হাতপাখায় ঠান্ডার পরশ পেতে চাচ্ছেন।

গত কয়েক দিন ধরে রংপুরে তাপমাত্রা ৩৩ থেকে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি ওঠানামা করায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে দুপুর থেকে রাত পর্যন্ত ওয়ার্ডগুলোতে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা। দ্বিতীয়তলায় হৃদরোগ বিভাগের সাধারণ ওয়ার্ডের বিভিন্ন ব্লক ঘুরে দেখা যায়, অধিকাংশ বেডেই রোগীরা গরম থেকে বাঁচতে নিজ উদ্যোগে টেবিলফ্যান ব্যবহার করছেন। ওয়ার্ডে থাকা সিলিংফ্যান ঘুরছে ধীরগতিতে। তাতে মিলছে না পর্যাপ্ত বাতাস।

হাসপাতালে কয়েক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন রংপুর নগরীর গপ্তপাড়ার বাসিন্দা তহুরা বানু। তিনি হৃদরোগ নিয়ে ভর্তি হয়েছেন। তবে এখানে এসি থাকলেও তা অচল। ফ্যানগুলো পুরোনো ও বাতাস হয় কম। খুবই যন্ত্রণায় আছি। একই রকম অভিজ্ঞতার কথা জানান রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামের হুমায়ন খান। তিনি বলেন, ‘সন্ধ্যার পর গরমের কষ্ট আরও বেড়ে যায়। আমি হৃদরোগে আক্রান্ত রোগী। এমন পরিবেশে থাকা আমার জন্য খুবই কষ্টকর।’ ওয়ার্ডটির দায়িত্বে থাকা নার্স তুলশি দাশ জানান, ‘এই ওয়ার্ডের এসিগুলো নষ্ট। অনেক সময় রোগীর সংখ্যা বেড়ে যায়। এতে বেশ গরম অনুভূত হয়। আশা করছি অল্পদিনের মধ্যে এসিগুলো চালু হবে।’ হৃদরোগ বিভাগের ৩৬ নম্বর ওয়ার্ডের পোস্ট সিসিইউ-১, পোস্ট সিসিইউ-২ ও ফিমেল ওয়ার্ডে অবশ্য একাধিক এসি স্থাপন করা হয়েছে। তবে অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল। অভিযোগ রয়েছে, নিুমানের এসি সরবরাহ করায় এ অবস্থা। সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগও মেরামতের উদ্যোগ নিচ্ছে না।

রংপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক অরজিৎ কুমার রায় জানান, গত সাত দিনে রংপুর ও আশপাশের এলাকায় তাপমাত্রা ৩৩ থেকে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। জানা গেল, এই তাপমাত্রার মধ্যে পেইং বেড হিসাবে ব্যবহৃত পোস্ট সিসিইউ-১, পোস্ট সিসিইউ-২ ও ফিমেল ওয়ার্ডের এসিগুলো অচল হয়ে আছে।

রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিউল আলম এ ব্যাপারে বক্তব্য দিতে অস্বীকার করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এক প্রকৌশলী জানান, পেইং বেডের এসিগুলো গণপূর্ত বিভাগ স্থাপন করেনি। হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো স্থাপন করেছিল। রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুরুতর রোগীদের যেখানে রাখা হয়, সেখানে এসি সচল রয়েছে। হৃদরোগ বিভাগের অন্যান্য বিকল এসি সচল করার জন্য গণপূর্ত বিভাগকে চাহিদা দেওয়া হয়েছে। দ্রুত সেগুলো সচল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে নির্দেশনা কার্যকর বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

বিমানবন্দরে অর্ধেকে নামছে বিমানবাহিনীর জনবল

কষ্টার্জিত টাকায় দিনমজুরের মানবসেবা

কষ্টার্জিত টাকায় দিনমজুরের মানবসেবা

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ

ক্ষত নিয়ে বেঁচেও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ

বরিশালে স্বাস্থ্যঝুঁকি লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

লাইসেন্স ছাড়াই চলছে কয়েক হাজার হোটেল-রেস্তোরাঁ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম