ড. মোশাররফের ৮১তম জন্মদিন আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন আজ। ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ড. মোশাররফ মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান, ভূবিজ্ঞানী, লেখক, কলামিস্ট ও গবেষক।
বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনে ড. মোশাররফের অর্জনের ভান্ডার বিশাল। তিনি ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস এবং ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে হাজী মুহম্মদ মহসিন হলের ভিপি নির্বাচিত হন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দেন। ১৯৯৪ সালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।
ড. মোশাররফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি চারবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯১-৯৬ সময়ে বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী, ১৯৯৬ সালে স্বল্পমেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০১-০৬ সময়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকার হটানোর এক দফা এবং দেশ ও জনগণের স্বার্থরক্ষার প্রতিটি আন্দোলনে বীরোচিত ভূমিকা রেখেছেন। ড. মোশাররফ রাজনৈতিক মামলায় ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ এবং ২০১৪ সালে গ্রেফতার হয়ে প্রায় পাঁচ বছর কারাভোগ করেন। তার লেখা গ্রন্থের সংখ্যা ১৩। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার কনিষ্ঠ পুত্র ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট। ড. মোশাররফ কুমিল্লা-১ আসনের জনগণ, দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
