Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

৪৩ লাখ জাল রুপি উদ্ধার

তৈরির সময় ছিলেন বাড়ি মালিক, আসামি না হওয়ায় বিতর্ক

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ শুধু মাদক চোরাচালানেরই স্বর্গরাজ্য নয়, অস্ত্র ও জাল টাকা পাচারেরও অন্যতম হাব বা চক্রকেন্দ্র হয়ে উঠেছে। ৮ আগস্ট রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গোপন সংবাদের ভিত্তিতে শহরের বালুবাগানের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ ভারতীয় জাল রুপি উদ্ধার করে।

অভিযান শেষে এসআরবির (তৎকালীন র‌্যাব) ভাষ্য ছিল-বাড়ির দোতলায় দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ও আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করে জাল টাকা তৈরি ও সরবরাহ হয়ে আসছিল। অভিযানের পর ৯ আগস্ট সাবেক র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) শাহীন মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। কিন্তু বাড়ির মালিক শহিদুল ইসলামকে (৩৭) তাতে আসামি করা হয়নি। তদন্ত পর্যায়ে ফাঁস হওয়া ভিডিওতে জাল টাকার কারখানায় বাড়ির মালিক শহিদুলের সক্রিয় উপস্থিতি সামনে আসায় বিতর্কের সূচনা করেছে। মামলা তদন্তে গিয়ে পুলিশও পড়েছে বিপাকে। খোঁজ নিয়ে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান মহল্লার আলোচিত তিনতলা বাড়ির মূল মালিক মৃত মনিরুল ইসলাম। বাড়িটি দেখাশোনা ও মালিকানার দায়িত্বে এখন ছেলে শহিদুলই। মামলায় বাড়ির দোতলার ভাড়াটিয়া মো. খান সাহেবকে পলাতক ও গ্রেফতার দুই কারিগর তসিকুল ও শামীম আলীকে আসামি করা হয়। কিন্তু সম্প্রতি পুলিশের হাতে এসেছে একটি চমকপ্রদ ভিডিওচিত্র। যাতে দেখা গেছে, একটি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জাল টাকা তৈরির নানান উপকরণ। গভীর মনোযোগে টাকা তৈরি করছে কারিগররা। জাল টাকা তৈরি ও কাটাকাটির কাজ চলছে সমানে। পাশেই বসে থেকে কারিগরদের জাল টাকা তৈরির নির্দেশনা ও কৌশল বলে দিচ্ছেন বাড়ির মালিক শহিদুল। মাঝে মাঝে গল্প করছেন আর কারিগরদের উৎসাহ দিচ্ছেন। আলোচিত ভিডিওচিত্রের কপি যুগান্তরের হাতেও এসেছে। এদিকে এই ভিডিওচিত্রের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাকিল হোসেন বুধবার জানান, এ ধরনের একটি ভিডিওচিত্র তিনি পেয়েছেন। সেখানে কারখানায় শহিদুলের স্বাভাবিক উপস্থিতি দেখা যাচ্ছে। পুলিশ সেটার সত্যতা বিশ্লেষণ করছেন। যেহেতু তদন্ত চলমান রয়েছে। এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। বাড়ির মালিক জড়িত কিনা-তদন্ত করে দেখা হচ্ছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, বালুবাগান মহল্লার তিনতলা বাড়ির দোতলা মাসিক ৫ হাজার টাকায় ভাড়ায় নিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা গ্রামের হোসেন আলীর ছেলে মো. খান সাহেব (৪৩) নামের এক ব্যক্তি। স্থানীয়রা জানান, সাহেব খান সারাদিন বাসার বাইরে থাকলেও রাতে ফিরতেন। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। অভিযানে গ্রেফতার শামীম আলী (৩২) ও তসিকুল ইসলাম (৩০) বর্তমানে কারাগারে আছেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ফাঁস হওয়া ভিডিওচিত্রে উপস্থিতি সম্পর্কে বুধবার বাড়ির মালিক শহিদুল ইসলাম দাবি করেন, ঘটনার সময় তিনি শিবগঞ্জের খাসেরহাটে ছিলেন। কোনোভাবেই এ কাজের সঙ্গে তিনি জড়িত নন। ফাঁস হওয়া ভিডিওচিত্রে জাল টাকা তৈরির সময় তার উপস্থিতি ও সক্রিয়তা সম্পর্কে আরও জানতে চাইলে তিনি স্বীকার করেন ভিডিওতে তার উপস্থিতি আছে। তবে তিনি দাবি করেন ওই সময় তিনি ভাড়া চাইতে গিয়েছিলেন। গিয়ে দেখতে পান সেখানে জাল টাকা তৈরি হচ্ছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, ফাঁস হওয়া ভিডিওটি ফেব্রুয়ারি মাসের। আর র‌্যাব অভিযান চালিয়েছে ৮ আগস্ট। তবে ফেব্রুয়ারি মাসে জাল টাকা তৈরির ঘটনা দেখেও কেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি-এমন প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। আর অভিযানের দিন তিনি বাড়ির আশপাশেই অবস্থান করছিলেন বলে পুলিশ তার ফোনের লোকেশন ট্রাক করে নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে এসআরবি-৫ (সাবেক র‌্যাব)-এর চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ কোম্পানির কমান্ডার তরিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না। বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসির পরই ঝরে পড়ছে বেশি বরিশালে ক্রমেই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী

বরিশালে ক্রমেই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী

ছাত্রদল নেতার আহাজারি ‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’

৯ মাসে ১৯ হাজার ৮৪৬টি অগ্নিকাণ্ড, ৪৫৩ কোটি টাকা ক্ষতি

৯ মাসে ১৯ হাজার ৮৪৬টি অগ্নিকাণ্ড, ৪৫৩ কোটি টাকা ক্ষতি

কৃষি-রোবট বানিয়ে মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন মানিকগঞ্জের হাসিবুর

কৃষি-রোবট বানিয়ে মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন মানিকগঞ্জের হাসিবুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম